‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ১ নভেম্বর জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) নেত্রকোনা যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নারী উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা, তাসলিমা আক্তার রিমিন এবং আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক দিলওয়ার খান।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে তারাই গড়ে তুলবে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর