চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । এ সময় তার কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবিসায়ী জাকির। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ আজ রবিবার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমের কাছে তথ্য জানান।
ভুক্তভোগী ও তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা আনুমানিক ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তার ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিডি২৪লাইভকে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো।’
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর