কুমিল্লায় ভাড়া দেয়ার সময় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী দুই ভাই এর পিটুনিতে সোহেল মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার বরুড়া উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। অভিযুক্ত দুই হাসান ও হোসাইন । তাদের মধ্যে হোসাইনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।
প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী ইকবাল জানান, ভাড়া দেয়ার সময় অটোরিকশাচালক সোহেলের সঙ্গে ভাংতি টাকা নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানকে চড় মারেন সোহেল বলে জানতে পেরেছি। এরই প্রেক্ষিতে বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত হোসাইন ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করেন। এতে সোহেল অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জনা যাবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর