• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, একই পরিবারের ৪ জন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহতদের সবার বাড়ি কক্সবাজার জেলায়।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কনস্যুলেটের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত সাতজন ও আহত ছয়জন মোট তিনটি পরিবারের সদস্য। পরিবারের তিন প্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন।

কোম্পানিটির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানটির চার বাংলাদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।

কনস্যুলেটের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাকিরা ও আরেক মেয়ে ইউসরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই গাড়িতে থাকা আলম শাহ হারিয়েছেন স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে। দুর্ঘটনায় আহত আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি নিহত হয়েছেন। আহত অন্য বাংলাদেশি হলেন গফুর আলম।

নিহতদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতাল ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয় বাংলাদেশ কনস্যুলেট। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে সঙ্গে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

কনস্যুলেটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল। ট্রাফিক বিভাগের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে কনস্যুলেট।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]