• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ সকাল

একবার কিনলেই সারা বছর, ঘর সাজাতে কাজে লাগবে যেসব সামগ্রী

ছবি: প্রতিকী ছবি

উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠানে ঘর সাজাতে প্রতি বছর নতুন নতুন জিনিস কেনার প্রয়োজন নেই। বরং এমন কিছু শৌখিন ও ব্যবহারযোগ্য উপকরণ কিনে রাখতে পারেন, যেগুলো দিয়ে সারা বছরই ঘরের সাজে আনা যাবে নতুনত্ব। কুশন কভার, টেবিল রানার কিংবা নকশাদার ট্রের মতো ছোটখাটো অনুষঙ্গ বদলে দিলেই বদলে যেতে পারে ঘরের চেহারা। তাই ঘর সাজানোর সময় এমন কিছু জিনিস বেছে নেওয়া ভালো, যা বিভিন্ন উৎসবের পাশাপাশি দৈনন্দিন জীবনেও কাজে লাগবে।

দুর্গাপূজার পর কালীপূজা, দীপাবলি কিংবা বছরজুড়ে নানা উৎসব—প্রতিটি উপলক্ষেই ঘর সাজানোর আলাদা আয়োজন থাকে। তবে অল্প কিছু উপকরণ দিয়েই ঘরের সাজে আনা সম্ভব উৎসবের আমেজ। জেনে নেওয়া যাক, কোন জিনিসগুলো কিনে রাখলে বারবার কাজে লাগবে।

ছবি: সংগৃহীত

১. শৌখিন বাতিদান ও এলইডি মোমবাতি

উৎসবের সাজে আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিতল, কাচ, কাঠ কিংবা সিরামিকের নকশাদার বাতিদান ঘরের পরিবেশে যোগ করতে পারে আভিজাত্য। কফি টেবিল, ডাইনিং টেবিল কিংবা ঘরের এক কোণে এগুলো সাজিয়ে রাখা যায়। আগুনের ঝুঁকি এড়াতে ব্যবহার করতে পারেন এলইডি মোমবাতি। এতে নিরাপদে ঘরে তৈরি হবে মৃদু ও স্নিগ্ধ আলোর আবহ।

ছবি: সংগৃহীত

২. ফুলদানি ও ফুলের সাজ

ঘর সাজাতে তাজা ফুলের আবেদন সব সময়ই আলাদা। ঋতু অনুযায়ী ফুল বেছে নিয়ে সিরামিক বা কাচের ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন। ডাইনিং টেবিল কিংবা সোফার সামনের কফি টেবিলে ফুলের সাজ ঘরের সৌন্দর্য বাড়াবে। তাজা ফুলের পাশাপাশি ভালো মানের কৃত্রিম ফুলও রাখতে পারেন। হালকা রঙের ফুল সহজেই যেকোনো অন্দরসজ্জার সঙ্গে মানিয়ে যায়। অন্যদিকে, উজ্জ্বল রঙের ফুল উৎসবের সাজে নিয়ে আসে বাড়তি প্রাণবন্ততা।

ছবি: সংগৃহীত

৩. নকশাদার ট্রে ও পরিবেশনের সামগ্রী

অতিথি আপ্যায়নে শৌখিন ট্রে, কাচের বয়াম কিংবা সুন্দর নকশার পরিবেশনের সামগ্রী বেশ কাজে আসে। পানীয়, চা, কফি ও হালকা খাবার পরিবেশনে এগুলো ব্যবহার করতে পারেন। পছন্দের কিছু ডিনার সেটও সংগ্রহে রাখতে পারেন। ব্যবহারের পাশাপাশি এসব উপকরণ টেবিলের সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে। ঘরের অন্দরসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা ও রং বেছে নিন।

ছবি: সংগৃহীত

৪. নকশাদার ওয়াল প্লেট

দেয়ালের একঘেয়েমি কাটাতে ব্যবহার করতে পারেন ডেকোরেটিভ ওয়াল প্লেট। ফুলের নকশা কিংবা আধুনিক নকশার কয়েকটি প্লেট বসার ঘর বা ডাইনিংয়ের দেয়ালে সাজিয়ে রাখতে পারেন। পাশাপাশি দুই থেকে তিনটি প্লেট সৃজনশীলভাবে সাজালে দেয়ালে তৈরি হবে আকর্ষণীয় একটি ডেকোরেশন। উৎসব ছাড়াও সারা বছরই এই সাজ ঘরের সৌন্দর্য বাড়াবে।

ছবি: সংগৃহীত

৫. টেবিল ল্যাম্প ও আলোকসজ্জা

 

ঘরের আসবাব বা অন্যান্য সাজসজ্জা না বদলিয়েও শুধু আলোর বিন্যাস পরিবর্তন করে অন্দরসজ্জায় নতুনত্ব আনা যায়। বসার ঘর কিংবা শোবার ঘরে রাখতে পারেন নকশাদার টেবিল ল্যাম্প। সিলিং থেকে ঝুলন্ত এলইডি লাইট বা আকর্ষণীয় ল্যাম্পশেডও ঘরের পরিবেশ বদলে দিতে পারে। এমন নকশা বেছে নেওয়া ভালো, যা শুধু নির্দিষ্ট কোনো উৎসবেই নয়, প্রতিদিনের অন্দরসজ্জার সঙ্গেও মানানসই।

৬. নকশাদার পাপোশ

ঘরের প্রবেশদ্বারও অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ অংশ। দরজার সামনে সুন্দর নকশার একটি পাপোশ ঘরের সাজে যোগ করতে পারে বাড়তি সৌন্দর্য। তবে শুধু নকশা নয়, কেনার সময় উপকরণের মান ও স্থায়িত্বের দিকেও নজর দিন। এমন পাপোশ বেছে নিন, যা উৎসবের পরেও নিয়মিত ব্যবহারের উপযোগী থাকবে।

উৎসবের সাজ মানেই নতুন জিনিসের পেছনে বাড়তি খরচ নয়। বরং রং, নকশা ও ব্যবহারের উপযোগিতা বিবেচনা করে কিছু বহুমুখী সাজসজ্জার উপকরণ সংগ্রহে রাখলেই বিভিন্ন উপলক্ষে ঘরে আনা সম্ভব নতুনত্ব। এতে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে সারা বছরই ঘর থাকবে গোছানো ও নান্দনিক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]