• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল

 কোম্পানি নিবন্ধনে কমবে ভোগান্তি,নতুন ই-সেবা চালু ১২ নভেম্বর

ছবি: সংগৃহীত

কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, নথি ও ফি জমা এবং পরিচয় যাচাইসহ সব শর্ত পূরণ করলে আবেদনকারী তাৎক্ষণিক কোম্পানি নিবন্ধনের অনুমোদন পাবেন। পাশাপাশি কোম্পানির নামের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও দ্রুত করা হবে।

আরজেএসসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য ৯ নভেম্বর বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সংস্থাটির পুরোনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়া বন্ধ থাকবে। এরপর নামের ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের সব নতুন আবেদন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।

তবে নতুন ব্যবস্থায় সব আবেদন একই প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে না। আবেদনকারীরা আরজেএসসির নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ও নিবন্ধিত হবে।

অন্যদিকে, নিজস্ব বা কাস্টমাইজড সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে আবেদনটি আরজেএসসির কর্মকর্তারা প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যাচাই করবেন। যাচাইয়ে তথ্যের অসংগতি, অসম্পূর্ণতা বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের নির্দেশনাসহ আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

নতুন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে কোম্পানির নামের ছাড়পত্রের আবেদন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক যাচাইয়ের পর কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় যাচাই করা হবে। এ ক্ষেত্রে আবেদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আরজেএসসি। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে তাৎক্ষণিক নামের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।

নিবন্ধন প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়েও যুক্ত হচ্ছে নতুন শর্ত। বাংলাদেশের কোনো নাগরিক কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হতে চাইলে আবেদন প্রক্রিয়ায় তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, সেটিও পরীক্ষা করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাঁকে সংশ্লিষ্ট পদে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে।

শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের ই-মেইল বা মোবাইল ফোনে পাঠানো এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে সম্মতি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধন আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।

পুরোনো সফটওয়্যারে জমা দেওয়া আবেদনগুলোর বিষয়েও নির্দেশনা দিয়েছে আরজেএসসি। ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পাওয়া নামের ছাড়পত্র এবং ১ জুলাই থেকে ওই সময় পর্যন্ত জমা দেওয়া নিবন্ধন আবেদন নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে। তবে খসড়া তৈরি হলেও নির্ধারিত ফি পরিশোধ করা হয়নি—এমন আবেদন স্থানান্তর করা হবে না। এসব আবেদন নতুন সফটওয়্যারে আবার জমা দিতে হবে। 

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]