ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, ঘটনাস্থলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি জব্দ করা হয়েছে।
এসআই মোর্শেদ আলম বলেন, ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর