সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন বিতর্কিত ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের পর মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন আসাদ নূর।
বিয়ের খবর প্রকাশের আগে নানা জল্পনা তৈরি হলেও এর পেছনে নবদম্পতির পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আসাদ নূর। তাঁর ভাষ্য, ইচ্ছাকৃতভাবেই কিছু সূত্র বা ক্লু সামনে রাখা হয়েছিল, যাতে ভক্ত ও নেটিজেনরা তাঁদের সম্পর্কের বিষয়টি অনুমান করতে পারেন। এর মধ্যে একই ধরনের পোশাক—পাঞ্জাবি ও শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলো ছিল।
ছবি আড়াল করা এবং সাময়িক নীরব থাকার মধ্য দিয়ে মূলত মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
সমালোচকদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়ে আসাদ নূর বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখানো এবং ধর্মান্ধতা বা উগ্র জাতীয়তাবাদী মানসিকতার পরিচয় দেওয়া ব্যক্তিদের কিছুটা নাড়া দিতেই এই আয়োজন করা হয়েছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ও গোঁড়ামি ভাঙার লক্ষ্যেই তাঁরা এমন কৌশল নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
আসাদ নূর জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেছেন এই ব্লগার। তাঁর দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ কিংবা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
ভিডিওবার্তায় জুলাই আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন আসাদ নূর। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ৫ আগস্টের পর ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা বরাবরই জুলাইপন্থীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানান আসাদ নূর।
কুশল/সাএ
সর্বশেষ খবর