সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্ক করে রাখা আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্ক করে রাখা একটি বাসে আগুন লাগে। এর কিছুক্ষণ পর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই এলাকায় একসঙ্গে প্রায় ১৫ থেকে ২০টি বাস পার্ক করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর