ইরানের হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। একটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
অন্য ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে ইরানের বাহিনী। তবে এ জাহাজে কীভাবে বিস্ফোরণ বা আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইআরজিসির দাবি, নৌপথ অতিক্রমের আগে ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে জাহাজ দুটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে আগুনে জ্বলতে দেখা যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী কিংবা মালিকানা কার—এসব তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় হতাহতের সংখ্যা বা নাবিকদের অবস্থা সম্পর্কেও কিছু জানানো হয়নি। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীও তাদের যুদ্ধবিমানের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
আইআরজিসি সতর্ক করে বলেছে, অনুমোদনহীন পথে জাহাজ চলাচল এখনো অনিরাপদ। মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে এ পথে চলাচলের চেষ্টা করলে একই ধরনের পরিণতি হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারিতে ইরানে হামলার পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে নৌ চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর