• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ সকাল

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আগের অবস্থানেই অনড় দিল্লি

ফাইল ফটো

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে। একই সঙ্গে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে ভারত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়। প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে নয়াদিল্লি কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হাইকমিশনই জানাতে পারবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে।

এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তাঁর আইনজীবীরা।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণ নথি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাঁর দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে।

নয়াদিল্লির সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি ভারত। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আগামী দিনগুলোতে ঢাকা ও দিল্লির অবস্থান বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]