• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ দুপুর

সংবাদ প্রকাশের জেরে অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি ছাত্রদল নেতার!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজে একটি সংবাদ প্রকাশের জেরে প্রতিষ্ঠানটির কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকিসহ সাংবাদিকদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন রামু কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে ছাত্রদলকে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের কানের নিচে থাপ্পড় দিয়ে ক্যাপশন লেখা শেখানোর কথাও উল্লেখ করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মত জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে?? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পর দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’

তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান সম্প্রতি কক্সবাজার শহর ছাত্রদলের নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরে গতকাল মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।

সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর ওই সংবাদ সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দেন।

জসিম উদ্দিন বলেন, একটি সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে তার প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের আহ্বান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকের ওপর হামলার অভিযোগের পর সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একটি রাজনৈতিক সংগঠনের নেতার এমন প্রকাশ্য মন্তব্য সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে জানতে মোর্শেদুল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, বিষয়টি সত্যিই আমাদের জন্য বিব্রতকর। যারা এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন, তাদের অনেকেই ছাত্রদলের নেতা-কর্মী নন। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। অতি উৎসাহী হয়ে যে স্ট্যাটাস দিয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]