• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ সকাল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে সামরিক ধরনের হামলার খবর জানিয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

এর আগে সিরিক এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিল ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে সিরিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। তবে সিরিকে সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]