ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ১০টি যানবাহনের সংঘর্ষে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দুটি গাড়িও রয়েছে। তবে দুর্ঘটনার কবলে পড়লেও নিরাপদ রয়েছেন সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব যানবাহনে থাকা প্রায় শতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়িতে তিনি ছিলেন। ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সংসদ সদস্য নিরাপদ থাকলেও এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর