ইরানের বিরুদ্ধে প্রয়োজনে যেকোনো সময় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মিত্র দেশ ও জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সামরিক শক্তি প্রয়োগে কোনো দ্বিধা করবেন না বলেও জানিয়েছেন তিনি। এমনকি পরিস্থিতি বিবেচনায় এখনই হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ইরানকে মার্কিন মিত্র দেশ ও জাহাজের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করা থেকে বিরত রাখতে সামরিক শক্তি প্রয়োগে তিনি দ্বিধা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে তাঁর কোনো দ্বিধা নেই। পরিস্থিতি খারাপের দিকে গেলে সামরিক শক্তি প্রয়োগ করবেন, এমনকি এখনই তা করার সম্ভাবনা রয়েছে।
গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি বলেও দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষায়, উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে এবং পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানের বর্তমান শাসনব্যবস্থার ভবিষ্যৎ এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। দেশটির সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে ভিন্ন।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটিতে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে। অর্থনীতি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং সেনাসদস্যদের বেতন দেওয়ার সামর্থ্যও হারিয়েছে দেশটি। তাঁর দাবি, ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
ইরানি কর্মকর্তাদের বক্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, তাঁরা নিজেদের অবস্থান নিয়ে বড় বড় কথা বলছেন। তবে কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী না এগোলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে পিছপা হবেন না।
এ ছাড়া কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প। এমন ঘটনা ঘটলে ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকলে সেটি তাঁর প্রশাসনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে কি না। উপস্থাপক হিউ হিউইটের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সেটি তাঁর জন্য পরাজয় হবে।
সাক্ষাৎকারে ইরানের অর্থনীতি সম্পর্কে ট্রাম্পের ৩০১ শতাংশ মূল্যস্ফীতির দাবিও তুলে ধরা হয়। পাশাপাশি ইরানের কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করার ঘটনা ঘটলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর