• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৪ রাত

হরমুজ বন্ধ থাকায় সিরিয়া হয়ে ট্রাকে তেল রপ্তানি করছে ইরাক

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিকল্প রপ্তানি পথ হিসেবে সিরিয়ার স্থলপথ ব্যবহার করছে ইরাক। দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা থেকে শত শত তেলবাহী ট্রাকে অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াসে। কয়েক দশক ধরে প্রায় অব্যবহৃত থাকা এই পথ নতুন করে চালু হওয়ায় ইরাকের তেল রপ্তানিতে বিকল্প সুযোগ তৈরি হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরির পর থেকেই বিকল্প রপ্তানি পথ খুঁজছে। পরিবহন ব্যয় তুলনামূলক বেশি হলেও সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাত পরিস্থিতির অবসান হওয়ায় দেশটির মধ্য দিয়ে স্থলপথে তেল পরিবহন আবারও সম্ভাবনাময় হয়ে উঠেছে।

ইরাকের অধিকাংশ অপরিশোধিত তেল উপসাগরীয় অঞ্চলের টার্মিনাল দিয়ে রপ্তানি করা হয়। তবে ভারী অপরিশোধিত তেল পরিবহনে সিরিয়ার এই পথ এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।

রাষ্ট্রায়ত্ত বসরা অয়েল কোম্পানির (বিওসি) মহাপরিচালক বাসেম আবদুল করিম জানান, গত মাস থেকে কাতারের জ্বালানি প্রতিষ্ঠান ইউসিসি হোল্ডিং ট্রাকে করে ইরাকি তেল সিরিয়ার বানিয়াস বন্দরে পাঠাচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমোর সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। তবে ট্রাকের প্রাপ্যতার ওপর নির্ভর করে এই পরিমাণ ওঠানামা করছে।

চুক্তিসংশ্লিষ্ট এক ব্যক্তির তথ্যমতে, ইউসিসির বর্তমানে প্রায় ৬ হাজার ট্রাক রয়েছে। পরিবহন সক্ষমতা বাড়াতে এই সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ কাজে প্রায় ১০ হাজার চালক নিয়োজিত রয়েছেন। প্রতিদিন প্রায় দেড় লাখ ব্যারেল তেল বানিয়াস বন্দরে পৌঁছানো হচ্ছে। সেখান থেকে জাহাজে করে আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে এসব তেল।

তেলবাহী ট্রাকচালক ইসহাক মোহাম্মদ জানান, বসরার তুবা সংরক্ষণাগার থেকে অপরিশোধিত তেল নিয়ে তাঁরা সিরিয়ার বানিয়াস বন্দরে যান। তুবায় ফিরে আসাসহ পুরো যাত্রায় সর্বোচ্চ পাঁচ দিন সময় লাগে।

তুবা তেল সংরক্ষণাগারের ব্যবস্থাপক লুয়াই জাওয়াদ বলেন, গত ২৬ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউসিসি প্রায় ১৬ লাখ ব্যারেল তেল বোঝাই করেছে।

রয়টার্সের হাতে আসা একটি নথি অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে তিন মাসের মধ্যে ৫০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল পরিবহনের পরিকল্পনা রয়েছে ইউসিসির। প্রতি ব্যারেলে ৩৮ ডলার ছাড়ে তেল কেনার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে ট্রাকের স্বল্পতা ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে নিকট ভবিষ্যতে পরিবহনের পরিমাণ পরিকল্পিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চুক্তিসংশ্লিষ্ট এক ব্যক্তি। তাঁর তথ্যমতে, বানিয়াস বন্দর থেকে জাহাজে করে তেল পাঠানো হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিভিন্ন শোধনাগারে। এর মধ্যে গ্রিস, ইতালি ও তুরস্কের শোধনাগারও রয়েছে। চুক্তি অনুযায়ী, সিরিয়ার মধ্য দিয়ে তেল পরিবহন ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি ব্যারেলে প্রায় ১২ ডলার পাবে ইউসিসি।

এদিকে ওপেকের সর্বশেষ মাসিক প্রতিবেদনে উল্লেখ করা মাধ্যমিক সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরে ইরাকের দৈনিক তেল উৎপাদন ছিল প্রায় ৪৫ লাখ ব্যারেল। আগের মাসের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ৫ লাখ ব্যারেল।

হরমুজ প্রণালিনির্ভরতা কমাতে ইরাকের এই উদ্যোগ দেশটির জ্বালানি রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে উচ্চ পরিবহন ব্যয়, ট্রাকের সংকট এবং স্থলপথের নিরাপত্তা পরিস্থিতি এই বিকল্প ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]