শীতের আগমনী বার্তার সাথে সাথেই জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বসত বাড়ির আঙ্গিনাসহ পতিত স্থানে বিষমুক্ত ও পুষ্টিকর সবজি চাষে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে একদিকে যেমন পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মিটছে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া, পুরানাপৈল, পৌর শহরের শাপলা নগর, বুলু পাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গায় ও উঠানে এসব সবজি চাষ করা হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লাল শাক, পালং শাক, টমেটো, গাজর, ধনিয়া পাতা, ডাটা, পেঁয়াজ, কলমি শাক, নাফা শাক, রসুন, মুলা, স্কোয়াশ, সিম, মটরশুঁটি ও লাউয়ের মতো নানা ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়েছে। ক্ষতিকর কীটনাশক ছাড়াই সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে উৎপাদিত এসব সবজির বাম্পার ফলন যেমন হয়েছে তেমনি বাজারে চাহিদাও বেশি।
পৌর শহরের সবুজ নগর এলাকার আতিকুর ও মোস্তাকিম হোসেন বলেন, নিজের হাতে সবজি চাষ করার আলাদা একটা ভালো লাগার বিষয় আছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে তাই সবজি চাষ করেছি।
জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়ার কৃষক মোশাররফ হোসেন ও নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙ্গিনা পতিত পড়ে ছিল। সেখানে সবজি চাষ করায় দারুণ ফলন পাওয়া গেছে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এখন বাড়তি আয়ও হচ্ছে।
মাঝি পাড়া এলাকার জাহাঙ্গীর আলম ও নাঈম হাসান বলেন, বাড়ির সামনের আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করছি।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির উঠানে সবজি চাষ এটা মূলত শখের একটি বিষয়। বাড়ির আশপাশের এমন পতিত জমিগুলো সঠিকভাবে কাজে লাগালে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর