খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অতর্কিত হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার ঠিক আগমুহূর্তে মাটিরাঙ্গার আলুটিলা পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলুটিলা পুনর্বাসন এলাকার একটি স্থানীয় স্কুলের সামনে বসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। হঠাৎ করেই লাঠিসোটা নিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। বর্তমানে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার। তিনি বলেন, 'নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এতে বিএনপির ৪ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ন্যক্কারজনক হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর