• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:১২ রাত

ভিক্ষার বকেয়া পরিশোধের অভিনব ঘোষণা: গাজীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের মাইকিং

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ‘ভিক্ষার বকেয়া পরিশোধ’ করার ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। তার এই অভিনব পদ্ধতি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার সকালে পূবাইল বাজারে দেখা যায়, দুই চোখে দৃষ্টিশক্তিহীন মোশাররফ হোসেন এক হাতে লাঠি ও অন্য হাতে একটি শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।

মাইকিংয়ে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, ‘এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যারা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সকলকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।’

এ সময় তিনি আরও ঘোষণা দেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

তার এমন রসিকতাপূর্ণ ও ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেকেই থেমে তার কথা শোনেন, কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করেন। বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাকে ভিক্ষাও দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, তিনি টাকা হাতে নিয়েই স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্যও শনাক্ত করতে পারেন বলে দাবি করেন।

পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘ভিক্ষুক অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে আগে দেখিনি। তার কথাগুলো মজার হওয়ায় মানুষ আগ্রহ নিয়ে শুনছে।’

আরেক পথচারী বলেন, ‘তার ঘোষণাগুলো শুনে প্রথমে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের প্রচারণা চলছে। পরে বুঝলাম তিনি ভিক্ষা করছেন। বিষয়টি ব্যতিক্রমী ও কৌতূহল উদ্দীপক।’

স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে অভিনব কৌশল অবলম্বন করে ভিক্ষা সংগ্রহের এই ঘটনা পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেনের এই ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]