দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের জন্য বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের সুবিধাও পাবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণের সময় ও মেয়াদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। দুই মাসের কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদনের সুযোগ পাবেন।
যেসব সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা
প্রশিক্ষণে অংশ নিতে কোনো ধরনের ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি থাকবে দৈনিক খাবারের ব্যবস্থা। কোর্স সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের লিংক: www.dydaiproject.com/apply
আবেদন জমা দেওয়ার পর ফরমের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। যাচাই-বাছাই শেষে বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর