• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সেলাই মেশিনের শব্দে মুখর ছোট ছোট কারখানা। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ তৈরি পোশাকে দিচ্ছেন শেষ হাতের ছোঁয়া। এভাবেই দিনের পর দিন চলছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজারের মিনি গার্মেন্টস শিল্প। এখানকার তৈরি পোশাক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অথচ পুঁজি সংকট, কাঁচামালের বাড়তি দাম ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টিকে থাকার লড়াই করছেন কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

স্থানীয় প্রবীণ কারিগরদের ভাষ্যমতে, স্বাধীনতার আগে পাকিস্তান আমলে বিক্রমপুর থেকে আসা কয়েকটি পরিবারের হাত ধরে নতুন বাজারে দর্জি শিল্পের গোড়াপত্তন হয়। একসময় এলাকাটি ‘খলিফাপট্টি’ নামেও পরিচিত ছিল। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা কাজ শিখে এ শিল্পকে এগিয়ে নেন। বর্তমানে স্থানীয় প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের জীবিকা এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে।

প্রায় ৫০ বছর ধরে এ পেশায় যুক্ত প্রবীণ কারিগর দ্বীন ইসলাম মন্টু জানান, তাঁর চাচা সোনা মিয়া খলিফাসহ সাত ভাই বিক্রমপুর থেকে এসে এই ব্যবসা শুরু করেন। অতীতের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আগে চট্টগ্রাম থেকে পুরোনো গাউন ও কাপড় এনে কেটে বিক্রি করতাম। এখন জিনিসপত্রের যে দাম, তাতে কারিগরদের ৪০০ থেকে ৭০০ টাকা হাজিরা দিয়ে আমাদের পোষায় না।’ পুঁজি সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুঁজি নেই বলেই এই অবস্থা। শীতের কাপড় বানিয়েছি, কিন্তু শীত না থাকায় এখন লোকসানের মুখে পড়েছি।’

স্বাধীনতার আগে থেকে এ পেশায় থাকা প্রবীণ কারিগর আব্দুল কাদির বলেন, ‘আগে ওস্তাদদের কাছে কাজ শিখতাম। কাজ করার পর কিছু খেতে দিত। পাকিস্তান আমলে আমার বেতন ছিল ১৫ টাকা। সেই থেকে আজ পর্যন্ত এই কাজই করছি।’ ষাটোর্ধ্ব কারিগর মোহাম্মদ মিজবাহ প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে শিশুদের প্যান্ট-শার্ট তৈরি করছেন। অন্যদিকে ২৬ বছর ধরে সেলাই মেশিন মেরামতের কাজ করা মোহাম্মদ আবু কালাম জানান, কখনো কাজের চাপে খাওয়ার সময় পান না, আবার কখনো টানা দুই দিনও কাজ থাকে না।

নতুন বাজারের এসব কারখানায় প্যান্ট, গেঞ্জি, ট্রাউজার, সালোয়ার-কামিজ ও শীতের পোশাক তৈরি হয়। ঢাকা, টঙ্গী, কোনাবাড়ী, মিরপুর ও নারায়ণগঞ্জ থেকে কাঁচামাল এনে পোশাক তৈরি করেন উদ্যোক্তারা। এসব পোশাক পাইকারদের মাধ্যমে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। অনেক নারীও বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে সংসারে বাড়তি আয় করছেন।

তবে সম্ভাবনাময় এই শিল্পের সবচেয়ে বড় বাধা পুঁজি সংকট। প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করা কারখানা মালিক ও কাটিং মাস্টার মোহাম্মদ হাসান বলেন, ‘সবকিছুর দাম বেশি, রুটিরুজি ঠিকমতো মেলে না। পুঁজির অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছি, ব্যবসা ছেড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।’ আরেক উদ্যোক্তা মোহাম্মদ হোসেন তারেক জানান, ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা থাকলেও পুঁজির অভাবে তা সম্ভব হচ্ছে না। ব্যাংকঋণের জন্য জমির দলিল বা জামানত চাওয়া হয়, যা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষেই দেওয়া সম্ভব নয়।

কারিগর ও উদ্যোক্তাদের দাবি, সহজ শর্তে জামানতবিহীন ঋণ, প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পে আরও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, কারিগরদের এই উদ্যোগ প্রশাসনের জন্য গর্বের বিষয় এবং এটিকে কুটির শিল্প হিসেবে বিকশিত করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তর সাধারণত তাদের নিজস্ব প্রশিক্ষিতদের ঋণ দিয়ে থাকে। তবে এ বছর ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জমির দলিল ছাড়াই কেবল ট্রেড লাইসেন্স বা দোকান ভাড়ার চুক্তিপত্রের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা কীভাবে ব্যাংক ঋণ পেতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে আমরা বসব। এ ছাড়া খুব শিগগিরই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কারখানাগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রশিক্ষণ ও সার্বিক সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিক্রমপুর থেকে আসা কয়েকটি পরিবারের হাত ধরে গড়ে ওঠা গৌরীপুরের নতুন বাজারের এই শিল্প আজ শত শত মানুষের জীবিকার অবলম্বন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রমে টিকে থাকা কারিগরদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী এই দর্জি শিল্প।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]