• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ দুপুর

চাকরি ছেড়ে ফলচাষে নাহিদ, আয় মাসে লাখ টাকা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির চাকরি ছেড়ে মিশ্র ফলচাষে নেমে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার ধুনটের তরুণ উদ্যোক্তা মিনহাজুল ইসলাম নাহিদ (৩৩)। প্রায় আট বিঘা জমিতে তিনি বরই, ড্রাগন, পেয়ারা ও আঙুর চাষ করছেন। ফল ও আঙুরের কলমের চারা বিক্রি করে তাঁর গড় মাসিক আয় এখন লাখ টাকারও বেশি।

নাহিদ ধুনট উপজেলার নিমগাছী গ্রামের বাসিন্দা। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে প্রায় এক দশক একটি ওষুধ কোম্পানিতে কাজ করেছেন। দীর্ঘ সময়ের কাজ আর বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের চাপ থেকে তিনি অন্য কিছু করার কথা ভাবতে শুরু করেন।

নাহিদ বলেন, রাতে কাজ থেকে ফিরে তিনি মোবাইল ফোনে ইউটিউব দেখতেন। বিদেশি জাতের কুল চাষের একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে চাকরি ছেড়ে কৃষিতে নামেন। কুল চাষে সাফল্যের পর একে একে অন্য উচ্চমূল্যের ফল চাষ শুরু করেন। নাহিদের বাগানে এখন সাড়ে চার বিঘায় বরই, দুই বিঘায় ড্রাগন, দেড় বিঘায় পেয়ারা (জাত গোল্ডেন এইট) এবং ১৫ শতকে আঙুর রয়েছে।

পরীক্ষামূলকভাবে আনারের ১৬টি চারাও লাগিয়েছেন। জাত নির্ণয়ের পর বাণিজ্যিকভাবে আনার চাষের পরিকল্পনা আছে তাঁর। তিনি জানান, গত বছর এক বিঘা জমির বরই বিক্রি করে ছয়-সাত লাখ টাকা আয় করেছেন। এ মৌসুমে গাছে ফুল এসেছে, ফল ধরার পর উৎপাদনের পরিমাণ জানা যাবে। ডিসেম্বরের দিকে বরই বাজারে আসবে। বর্তমানে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা দামে বিক্রি হলেও এক বিঘা থেকে বছরে তিন-চার লাখ টাকা আয় সম্ভব বলে জানান তিনি।

ড্রাগন নিয়ে নাহিদ বলেন, ফল বড় ও মোটা করতে টনিক ব্যবহার এবং বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে এর বাজার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন লাগানো গাছে সাধারণত এক বছর পর হালকা ফল আসে, পূর্ণ ফলন পাওয়া যায় দুই বছর পর। বাগানে এখন কিছু ড্রাগন ধরেছে, যা খাওয়া ও বিক্রি করা হয়েছে। তবে পেয়ারায় এখন ফল নেই। প্রায় এক বছর আগে আঙুর চাষ শুরু করেন নাহিদ। বগুড়ার কাশিমপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নার্সারিতে আঙুর চাষে সাফল্যের খবর তাঁকে উৎসাহ জোগায়। গত বছরের মে মাসে রাজশাহীর একটি নার্সারি থেকে চারাপ্রতি ৪০০ টাকা দরে ৯৪টি চারা কিনে ১৫ শতক জমিতে রোপণ করেন। শুধু চারা পরিবহনেই খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। বাগান তৈরি ও সুরক্ষাজালসহ এ পর্যন্ত বিনিয়োগ করেছেন প্রায় ৮০ হাজার টাকা। বর্তমানে তিনি বাইকনুর, গ্রিন লং ও ডিকসন এই তিন জাতের আঙুর নিয়ে কাজ করছেন। এর মধ্যে বাইকনুরের পরিমাণ বেশি। আগে ব্ল্যাক ম্যাজিক ও জয় সিডলেস জাতও ছিল। জয় সিডলেসের ফলন কম হওয়ায় এবং গাছের আকৃতি পরিবর্তনের সময় কিছু গাছ নষ্ট হওয়ায় সেটি আর নতুন করে লাগাননি। বাগানে এখন অফ-সিজনের কিছু আঙুর ধরেছে, তবে সেগুলো এখনো পাকেনি। আঙুরের মূল মৌসুম সাধারণত ফেব্রুয়ারিতে।

নাহিদ জানান, এ বছর তিনি প্রায় দুই লাখ টাকার আঙুর বিক্রি করেছেন। এ ছাড়া কলম করা চারা বিক্রি করে আয় করেছেন প্রায় তিন লাখ টাকা। প্রতিটি চারা বিক্রি করছেন ৩০০ টাকায়।

নাহিদ বলেন, তাঁর বাগান এখন শুধু ফল উৎপাদনের জায়গা নয়, আঙুরের চারা সংগ্রহের কেন্দ্রও। বিভিন্ন জেলা থেকে কৃষক ও নতুন উদ্যোক্তারা এসে চারা নিয়ে যান, চাষের পদ্ধতিও জানতে চান। অনেকে নিজেদের জমিতে আঙুরসহ নানা ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাগানে নিয়মিত দুজন শ্রমিক কাজ করেন। প্রত্যেককে মাসে ১২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা বেতন দিতে হয়। কাজের চাপ বাড়লে আরও আট-১০ জন শ্রমিক নেওয়া হয়।

নাহিদ বলেন, তাঁর আয় মূলত মৌসুমভিত্তিক। তবে মৌসুমের আয় মাসিক হিসাবে ধরলে গড়ে লাখ টাকার বেশি থাকে। নাহিদের মতে, আঙুর চাষে দেশের আবহাওয়াই বড় বাধা। অতিরিক্ত বৃষ্টিতে গাছ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই খোলা জমির বদলে পলিহাউসে আঙুর চাষ করা প্রয়োজন। তাঁর আঙুরবাগানের ওপর পলিহাউস নির্মাণে তিনি সরকারি সহায়তা চান। এর মধ্যে পানি সাশ্রয়ের জন্য বিএডিসি থেকে স্প্রিংকলার সেচব্যবস্থা পেয়েছেন নাহিদ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেয়েছেন পাওয়ার টিলার ও শ্যালো ইঞ্জিনচালিত সেচপাম্প। ভবিষ্যতে বাগান আরও বড় করার পরিকল্পনা আছে তাঁর। এর মাধ্যমে নিয়মিত আট-১০ জনের কর্মসংস্থান করতে চান তিনি।

নিমগাছী ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রথম বছরেই আঙুর চাষে ভালো সাফল্য পেয়েছেন নাহিদ। তিনি নিজেই বাগানের প্রতিটি গাছের যত্ন নেন। এই কর্মকর্তা আরও বলেন, শুধু আঙুর নয়, ধুনট, শিবগঞ্জসহ বগুড়ার বিভিন্ন এলাকার তরুণ কৃষকেরা এখন স্ট্রবেরি, ডুমুর ও কালো ধানের মতো উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হচ্ছেন। তাঁদের অনেকে ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে চাষের পদ্ধতি শিখছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]