ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরা শাড়ি দিয়ে ব্লেজার তৈরি করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছেন নৃত্যশিল্পী গোলাম হোসেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ব্লেজার পরা দুটি ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে গোলাম হোসেন জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তাঁর খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখার পরই সেটি তাঁকে দেওয়ার অনুরোধ করেন তিনি। তাঁর অনুরোধের মাত্র তিন দিনের মাথায় অপু বিশ্বাস নিজের পরা শাড়িটি তাঁর বাসার ঠিকানায় পাঠিয়ে দেন।
এ প্রসঙ্গে গোলাম হোসেন লেখেন, ‘আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস ঠিক এক বছর আগে একটি শাড়ি পরেছিলেন, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তার ফেসবুক পেজে আপলোড করা ছবিগুলো এখনো আছে। শাড়িটা যেদিন পরতে দেখেছি, সেদিনই বলেছিলাম কুইনকে, এই শাড়িটা আমাকে দিয়ে দিও। বলার তিন দিন পরেই আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল শাড়িটি।’
শাড়িটি দিয়ে কী করবেন, তা জানতে চেয়েছিলেন অপু বিশ্বাস। তবে সেদিন বিষয়টি তাঁকে জানাননি গোলাম হোসেন। চমক দেওয়ার পরিকল্পনা থেকেই বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। কয়েক মাস আগেই শাড়িটি দিয়ে ব্লেজার তৈরি করেন।
এ বিষয়ে তিনি লেখেন, ‘কুইন আমাকে জিজ্ঞেস করেছিল, কী করব এই শাড়ি দিয়ে। আমি সেদিন কিছু বলিনি। সারপ্রাইজ দিবো বলে।’
ভালো কোনো অনুষ্ঠানে ব্লেজারটি পরার অপেক্ষায় ছিলেন গোলাম হোসেন। অবশেষে গতকাল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে নিজের তৈরি সেই ব্লেজার পরে হাজির হন তিনি।
নিজের পোশাক নিয়ে ভক্তদের মতামত জানতে চেয়ে গোলাম হোসেন লেখেন, ‘কয়েক মাস আগেই বানিয়ে রেখেছিলাম ব্লেজারটা ভালো কোনো ইভেন্টে পরব বলে। অ্যাওয়ার্ডের রেড কার্পেট লুক ছিল এটা আমার। আমাদের কুইন অপু বিশ্বাসের শাড়ি দিয়ে আমার এই ব্লেজারটা কেমন হয়েছে জানাবেন।’
অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তোমাকে আমরা ভালোবাসি ঢালিউড কুইন।’
কুশল/সাএ
সর্বশেষ খবর