শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারিয়াকোনা এলাকায় অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) র্কণজোড়া ক্যাম্পের সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ ভারতীয় বডি স্প্রে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি টহল দল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫৯৩টি ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ করা হয়।
ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর