সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দ করা হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যয়প্রাণী সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর