ক্রমবর্ধমান ঋণ আর নিত্যপণ্যের লাগামহীন দামে বিপর্যস্ত ইরানের নিম্ন আয়ের মানুষ। সংসারের ব্যয় মেটানো ও ঋণের চাপ সামলাতে কিডনি, যকৃতের টিস্যু, অণ্ডকোষ এমনকি অস্থিমজ্জা বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন অনেকে। রাজধানী তেহরানের বিভিন্ন সড়কের দেয়াল ও ভবনের দরজায় দেখা যাচ্ছে এমন বিজ্ঞাপন।
গত বুধবার (১১ নভেম্বর) ইরানের শ্রমবিষয়ক সংবাদ সংস্থা আইএলএনএর এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির মানুষের এই উদ্বেগজনক পরিস্থিতি।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ফারহাং হোসেইনি স্ট্রিট এখন পরিচিতি পেয়েছে ‘কিডনি স্ট্রিট’ নামে। সেখানে অঙ্গ বিক্রির আগ্রহ নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকছেন অনেকে। তাঁদের অধিকাংশই শ্রমজীবী এবং আর্থিক সংকটে থাকা মানুষ।
সাদরা হাসপাতালের এক কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, ইরানে একটি কিডনির দাম সাধারণত ৩০ থেকে ৪০ বিলিয়ন রিয়াল, যা প্রায় ১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের সমান। তবে রক্তের গ্রুপভেদে এ দাম ৮ থেকে ৫০ বিলিয়ন রিয়াল পর্যন্ত ওঠানামা করে।
তেহরানের ৩০ বছর বয়সী এক মোটরসাইকেলচালক জানান, কিডনি বিক্রির বিনিময়ে তাঁকে ১৫ বিলিয়ন রিয়াল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ওই অর্থে তাঁর ঋণ পরিশোধ সম্ভব নয় বলে প্রস্তাবে রাজি হননি তিনি। এখন অন্তত ৩৫ বিলিয়ন রিয়াল পাওয়ার প্রত্যাশায় রয়েছেন।
শুধু কিডনি নয়, একাধিক অঙ্গ বিক্রির প্রস্তাবও দিচ্ছেন কেউ কেউ। ৩৩ বছর বয়সী এক নির্মাণশ্রমিক অস্থিমজ্জার দাম চেয়েছেন ৪০ বিলিয়ন রিয়াল। একই সঙ্গে কিডনি ও যকৃতের টিস্যুও বিক্রি করতে আগ্রহী তিনি।
আরেক শ্রমিক কিডনি, যকৃতের টিস্যু ও অণ্ডকোষ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। যদিও ইরানে অণ্ডকোষ প্রতিস্থাপনের ব্যবস্থা নেই বলে জানতে পেরেছেন তিনি। তবু যে অঙ্গটির ক্রেতা আগে পাওয়া যাবে, সেটিই বিক্রি করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
এদিকে দেশটির দারিদ্র্য পরিস্থিতিও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ৮ নভেম্বর ইরানের সংসদীয় সামাজিকবিষয়ক কমিটির চেয়ারম্যান আলি বাবাই কারনামি জানান, দেশটিতে প্রায় ৮০ লাখ মানুষ চরম দারিদ্র্য ও অপুষ্টিতে ভুগছেন। আরও পাঁচ কোটি মানুষের খাবার কেনার সামর্থ্য হারানোর ঝুঁকি রয়েছে।
আইএলএনএর তথ্য বলছে, ইরানে একজন ন্যূনতম মজুরির শ্রমিক মাসে ২০০ থেকে ৩০০ মিলিয়ন রিয়াল আয় করেন। অথচ একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজন প্রায় এক বিলিয়ন রিয়াল। আয়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের এই বিশাল ব্যবধান নিম্ন আয়ের মানুষকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
অবশ্য ইরানে অর্থের বিনিময়ে অঙ্গ বিক্রির ঘটনা নতুন নয়। ২০২৪ সালেও কিশোর ও তরুণদের কিডনি এবং অস্থিমজ্জা বিক্রির খবর প্রকাশিত হয়েছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধ বা আর্থিক সংকট থেকে সাময়িক মুক্তি পেতে অঙ্গ বিক্রির সিদ্ধান্ত নিলেও দীর্ঘ মেয়াদে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এতে তাঁদের শারীরিক সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন ও জীবিকাও ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর