• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ দুপুর

টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল এবং দলটির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরান ফকির। তার দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; তারা শুধু দলের সদস্য ছিলেন।

মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকাকালে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল পাননি। মানুষকে আটক, হয়রানি ও মারধর, সংঘর্ষ এবং বিশৃঙ্খল কর্মকাণ্ডের মতো বিষয়গুলো তাদের অপছন্দ।

মিরানের দাবি, গতকাল রাতে তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তারা মর্মাহত হয়েছেন। টুঙ্গিপাড়ার মতো একটি ঐতিহাসিক স্থানে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মিরান ফকির বলেন, ‘শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।’

তিনি আরও জানান, নিজেদের সিদ্ধান্তেই বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ারও ইচ্ছা নেই তাদের।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। বাবা-ছেলের তোলা হয়রানি ও ভয়ভীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]