• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ সকাল

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিরোধিতায় যুক্তরাষ্ট্র-রাশিয়া

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পরিচালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক নিয়ম তৈরির উদ্যোগে বিরোধিতা করতে পারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের অন্যতম বড় অস্ত্র উৎপাদনকারী এ দুই দেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক ও মানবাধিকারকর্মীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে আলোচনার জন্য সোমবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক বৈঠক শুরু হয়েছে। বৈঠকে স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ ও নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে এমন অস্ত্র তৈরি হচ্ছে, যেগুলো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ড্রোন, রোবট, ট্যাংক ও ডুবোজাহাজ। এ ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে নৈতিক উদ্বেগ থাকলেও ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে এআইয়ের সহায়তায় পরিচালিত আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

প্রচলিত কিছু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘের একটি কনভেনশনের ১২৮টি সদস্য দেশের বেশির ভাগই স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের পক্ষে। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর দেশগুলো এর বিরোধিতা করছে। তাদের যুক্তি, এ ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে বিদ্যমান আন্তর্জাতিক মানবিক আইনই যথেষ্ট।

জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং পোপও স্বয়ংক্রিয় অস্ত্রের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। এসব অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক নিয়ম তৈরির পক্ষে মত দিয়েছেন তাঁরা।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ভেরিটি কইল বলেন, যুদ্ধক্ষেত্রে কে বাঁচবে আর কে মারা যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনোভাবেই যন্ত্রের হাতে দেওয়া উচিত নয়। তবে বিশ্ব দ্রুত এমন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক পর্যালোচনা সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর সংস্থা।

দুই কূটনীতিক জানিয়েছেন, এবারের আলোচনা কঠিন হতে পারে। তবে সপ্তাহের শেষ নাগাদ দেশগুলোর মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় কয়েক ধরনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে আছে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, বাধ্যতামূলক নয় এমন চুক্তি এবং দুই ধরনের ব্যবস্থার সমন্বয়ে চুক্তি।

স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মতে, এসব অস্ত্র অনেক সময় অপ্রত্যাশিত আচরণ করতে পারে। এতে ভুল হামলা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের সামরিক ক্ষেত্রে এআই পরিচালনা ও নিয়ন্ত্রণ বিভাগের প্রধান আনা হেহির বলেন, প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়। এ প্রসঙ্গে তিনি ইউক্রেনে পুরোপুরি স্বয়ংক্রিয় অস্ত্রের প্রাথমিক ব্যবহার নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর কথা উল্লেখ করেন। এআইসহ উন্নত প্রযুক্তির ঝুঁকি কমাতে কাজ করে তাঁর সংস্থা।

যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রে বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়মের পরিবর্তে কিছু নির্দেশিকা তৈরির পক্ষে। দেশটির যুক্তি, যুদ্ধ পরিচালনার বিষয়ে আন্তর্জাতিক আইনে আগে থেকেই নিয়ম রয়েছে। এ বিষয়ে বাধ্যতামূলক নয়, এমন একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য পাঁচ বছর সময় দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।

তবে আন্তর্জাতিক রেডক্রস কমিটির মতে, স্বয়ংক্রিয় অস্ত্রের কারণে তৈরি হওয়া বিশেষ ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান আন্তর্জাতিক মানবিক আইন যথেষ্ট নয়। আসন্ন বৈঠক নিয়ে রাশিয়া এখনো প্রকাশ্যে নিজেদের অবস্থান জানায়নি। তবে এর আগে দেশটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির প্রস্তাবের বিরোধিতা করেছে।

একজন জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আলোচনায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়া ইউরোপীয় ইউনিয়নকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চায় না রাশিয়া। আনা হেহিরও রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলোচনার ফলাফল দুর্বল করার চেষ্টা করতে পারে। গত সেপ্টেম্বরে স্বয়ংক্রিয় অস্ত্র ও সেগুলোর সম্ভাব্য ক্ষতি নিয়ে তৈরি একটি নথির ক্ষেত্রেও দেশ দুটি একই ধরনের ভূমিকা রেখেছিল।

এ সপ্তাহের আলোচনার সভাপতি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির একটি প্রটোকল নিয়ে আলোচনা করতে দুই বছর সময় দেওয়ার প্রস্তাব করেছেন। অন্যদিকে ভেরিটি কইল রয়টার্সকে জানান, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে সেটি বাধ্যতামূলক হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।

সূত্র: রয়টার্স

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]