মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে ইরান আগেই হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরি সক্রিয় ছিল।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালাবে—এমন অপেক্ষায় থাকবে না তেহরান। তাঁর আশঙ্কা, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে হামলার প্রস্তুতি নিতে সময় নিচ্ছে।
অন্যদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। এতে ইরান ও ইয়েমেনের হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এর আগে বাহরাইন জানিয়েছিল, ইরানের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তেহরানের এসব কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে মানামা।
এদিকে হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের সপ্তম ঘটনার কথা বলা হয়েছে প্রতিবেদনে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর