প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। সেখানে বসেই অপরিচিত একটি বাংলাদেশি নম্বর থেকে আবারও হত্যার হুমকি পেয়েছেন তিনি। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েক দিন ধরেই ডা. মাহমুদা মিতুকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি তেজগাঁও থানায় গেলে তাঁর মোবাইল ফোনে একটি বাংলাদেশি নম্বর থেকে কল আসে। ওই কলেই তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। জবাবে মিতুও ফোনকারীকে দেশে এসে কথা বলার আহ্বান জানান। এ সময় তাঁকে উদ্দেশ্য করে বেশ কিছু অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়।
থানায় অভিযোগ জানাতে গিয়েও এ ধরনের হুমকি পাওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হুমকিদাতার পরিচয় এবং তাঁর বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর