বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে ইট-বালু বহনকারী টমটমের ধাক্কায় আসমা বেগম (৩২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নিহত শিক্ষিকার কোলে একটি ছোট শিশু ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আসমা বেগম বামনা উপজেলার ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনের সড়কে ইট-বালু বহনকারী একটি টমটমের আঘাতে ঘটনাস্থলেই শিক্ষিকা আসমা বেগম মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুর্ঘটনার সময় তাঁর কোলে একটি ছোট শিশু ছিল। শিশুটি প্রাণে বেঁচে গেল মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষিকা।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল থাকলেও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনাস্থলের পাশেই রয়েছে শত বছরের পুরোনো ডৌয়াতলা বাজার। একই এলাকায় অবস্থিত বামনা উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করেন। অথচ কলেজ ও বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কোনো স্পিড ব্রেকার নেই। ফলে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল বাজারের সামনে স্পিড ব্রেকার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ, যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, আর কোনো মায়ের কোল যেন এভাবে শূন্য না হয়, আর কোনো পরিবার যেন সড়ক দুর্ঘটনায় আপনজন না হারায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর