• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৯ সকাল

পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা

ছবি: সংগৃহীত

বুকভরা কষ্ট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক অবসর নিয়েছেন। পর্তুগালের জার্সিতে তার শেষটা হয়েছে যন্ত্রণাদায়ক। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের কারণে আগের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। সেই অপরাধে এক মাসের নিষেধাজ্ঞা শেষে পর্তুগালকে বিদায় বলেন সিআরসেভেন। তার অবসরের পর প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে পর্তুগিজরা, তাতে ভীষণ খুশি রোনালদোর মা।

ছেলের জাতীয় দলের ক্যারিয়ার যেভাবে শেষ হয়েছে তাতে মর্মাহত ডোলোরেস আভেইরো। গত শনিবার রোনালদো পরবর্তী যুগে জাতীয় দল ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে। দেশের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হার মেনেছে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে বিশেষ শ্রদ্ধা জানায়। খেলা শুরুর আগে খেলোয়াড়রা তার বিখ্যাত সাত নম্বর জার্সি পরে মাঠে নামেন।

সোমবার স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে আভেইরো উপস্থিত হলে রোনালদোর জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, সে অনেক দুঃখ পেয়েছিল। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও কষ্ট পেয়েছি। এই হারটা (ডেনমার্কের কাছে) তাদের জন্য একদম ঠিক ছিল। আমি আসলে ভীষণ খুশিই হয়েছিলাম।’

রোনালদোকে শ্রদ্ধা জানালেও মাঠে বা স্টেডিয়ামে কোথাও ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারে ফেডারেশন। এনিয়ে আভেইরো বলেন, ‘তার অনুপস্থিতিতে নয়, তার উপস্থিতিতে শ্রদ্ধা জানানো উচিত ছিল। স্পোর্টিং সিপিতে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাব, তারা এখানে তাকে মূল্যায়ন করে। (জাতীয় দলে) সে সম্মান পায়নি, এমনকি তার নিজের সতীর্থদের কাছ থেকেও। জর্জ জেসুসের সঙ্গে আমার সম্পর্ক? আপনাদের (সাংবাদিক) সঙ্গে যেমন, তেমনই।’

আভেইরোর মন্তব্য নিয়ে জেসুসের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে সোমবারের সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ বললেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে? একজন মা তো একজন মা। তার সন্তানদের বড় করার কাজটা সহজ ছিল না। তিনি একজন অনুকরণীয় মা। এতে কিছুই পরিবর্তন হয় না, আমি জানি না এটার শেষ কবে হবে। আপনারাই প্রশ্ন করছেন। আমি কিছু থেকে পিছপা হই না, আপনারা আমাকে এতদিনে চিনেছেন।’

তিনি আরও বলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের একজন লিজেন্ড। পর্তুগাল জাতীয় দল তাকে কখনও ভুলবে না। তার একজন বন্ধু হিসেবে আমি এক বছর (আল নাসরে গত মৌসুমে) তার সঙ্গে কাজ করেছিলাম। সে আমাকে আল নাসরে যোগ দিতে বলেছিল, আমি বলেছিলাম, ‘আমি যাব এবং আমি তোমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব।’ আমি ভুল ছিলাম না।’

জেসুসের অধীনে আল নাসর লিগ শিরোপা জিতেছিল। এখন তার মনোযোগ ওয়েলস ম্যাচের দিকে, ‘হারের (ডেনমার্কের কাছে) পর আমাদের কাজ করতে হবে। কিন্তু যোগ্যতা অর্জনের জন্য আমাদের বাকি ম্যাচটির প্রয়োজন নেই।’

সূত্র: গালফ নিউজ

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]