কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের বহুল আলোচিত মামলায় নতুন মোড় এসেছে। মামলার বিচার শেষ পর্যায়ে পৌঁছানোর পর আদালতে হাজির না হওয়ায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) জাফর আলমসহ আদালতে উপস্থিত পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোট ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। তাদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।
তিনি আরও বলেন, মঙ্গলবার মামলার ধার্য তারিখে ১৫ আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ১০ আসামি অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে এক হাজার ৪১৪ একর জমির ওপর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, বসতবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা বরাদ্দ করা হয়। পরে ওই অর্থের মধ্যে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।
পরে দুদকের তদন্তে এ ঘটনায় ৩৬ জনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। ২০১৭ সালের ৩ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। পরবর্তী সময়ে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায় ঘোষণার অপেক্ষায় থাকা এই মামলায় সাবেক জেলা প্রশাসকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর