বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ওই বক্তব্যের জন্য খতিবকে ‘তওবা’ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন আমির হামজা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? এ বিষয়ে আপনার তওবা করা উচিত।’
এ সময় তিনি আরও বলেন, যারা আন্তরিকভাবে জামায়াতে ইসলামী করেন, তাদের ইখলাসে কোনো ঘাটতি নেই।
বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’
দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে ‘বিতর্কিত’ বলার প্রসঙ্গেও কথা বলেন আমির হামজা। তিনি বলেন, ‘যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের।’
নিজেকে বিতর্কিত আখ্যা দেওয়ার বিষয়ে আমির হামজা দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো সমালোচনা ছিল না।
কুশল/সাএ
সর্বশেষ খবর