রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন ওই নারী শ্রমিক। পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর