• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৫ দুপুর

নবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নতুন আমন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে বাঙালির হাজার বছরের কৃষিভিত্তিক সংস্কৃতিতে গড়ে উঠেছে নবান্ন উৎসব। নতুন ধানের আগমনকে ঘিরে এ উৎসব বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।

নবান্ন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে এখনো পালিত হয় নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান। তবে সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে এ উৎসবের অনেক পুরোনো রীতি। নবান্নের দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে কলাগাছের মাঝের পাতা ও কাঁচি হাতে জমির দিকে রওনা হন বাড়ির পুরুষ সদস্যরা। জমির এক কোণে থাকা তিনটি ধানের গোছার সঙ্গে কলাপাতা জড়িয়ে একসঙ্গে কেটে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন তাঁরা।

এদিকে বাড়ির নারী সদস্যরা শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনি দিয়ে তাঁদের স্বাগত জানান। এরপর নতুন ধান থেকে চাল বের করে অন্যান্য উপকরণ মিশিয়ে তা বিভিন্ন মন্দিরে নিবেদন করা হয়। পাশাপাশি কাকদের জন্যও নতুন অন্ন দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নতুন অন্ন গ্রহণ করেন। এরপর বাড়িতে চলে নানা ধরনের পিঠাপুলির আয়োজন।

প্রচলিত রীতি অনুযায়ী অনেক পরিবারে নবান্নের দিন দুপুরে ভাত খাওয়া হয় না। রাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নতুন অন্ন নিবেদন করার পর পরিবারের সদস্যরা একসঙ্গে ভাত খান। এভাবেই ধর্মীয় আচার ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় নবান্ন উৎসব।

এ অঞ্চলে নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ মাছের মেলা। এ উপলক্ষে পরিবারের কর্তারা ছেলেদের ও জামাইদের সঙ্গে নিয়ে মাছের মেলায় যান। নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় বড় মাছ কেনার চেষ্টা করেন তাঁরা। কে কত বড় মাছ কিনলেন, তা নিয়েও চলে এক ধরনের আনন্দময় প্রতিযোগিতা।

নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দু পাড়ার শতবর্ষী বাসিন্দা নারায়ণ চন্দ্র কর্মকার বলেন, আমার বয়স এখন একশ বছর পেরিয়ে গেছে। আমার বাবা-দাদারাও সনাতনী পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের প্রথম দিন নবান্ন উৎসব পালন করেছেন। এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছি আমরা। তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনে নন্দীগ্রামের গ্রামাঞ্চলেও নবান্ন উৎসবের অনেক পুরোনো ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। একসময় ঢেঁকিতে ধান ভানা, নতুন চালের গুঁড়া তৈরি, দলবেঁধে পিঠা বানানো, লোকজ গান ও পারিবারিক মিলনমেলার যে প্রাণবন্ত পরিবেশ দেখা যেত, এখন তা অনেকটাই কমে এসেছে। তারপরও পিঠা-পায়েস তৈরি, বড় বড় মাছ কিনে তা দিয়ে নানা পদের রান্না এবং স্বজনদের আপ্যায়নের মধ্য দিয়ে এখনো টিকে আছে বাঙালির শিকড়ের উৎসব নবান্ন।

ওমরপুর মাছের মেলার ব্যবসায়ী মোস্তফা আলী বলেন, মাছের আকার ও প্রজাতিভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিগহেড ও সিলভার কার্প প্রতি কেজি ২৫০ থেকে ৬০০ টাকা, রুই ও কাতলা ৩০০ থেকে ৮০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বোয়াল ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি মাছ বিক্রেতা ৩০ থেকে ৪০ মণ করে মাছ এনেছেন।

মেলায় মাছ কিনতে আসা শ্রীনন্দন সরকার বলেন, এ উপজেলার ওমরপুর, রণবাঘা, হাটকড়ই, ত্রিমুহণী, ধুন্দার, পণ্ডিতপুকুর, মুরাদপুর ও বুড়ইল বাজারসহ বিভিন্ন স্থানে মাছের মেলা বসে। মেলায় মাছের সরবরাহ বেশ ভালো। তবে মাছের দাম কিছুটা বেশি মনে হয়েছে। চাহিদা অনুযায়ী ছোট-বড় সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। নবান্ন উৎসবে এ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও প্রচুর মাছ কেনেন।

সব মিলিয়ে সময়ের সঙ্গে নবান্ন উৎসবের অনেক পুরোনো রীতি হারিয়ে গেলেও নতুন ধানের অন্ন, পিঠাপুলি, মাছের মেলা ও স্বজনদের মিলনমেলার মধ্য দিয়ে নন্দীগ্রামে এখনো টিকে আছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ উৎসব।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]