• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ দুপুর

সরকার ও প্রশাসনের একাংশ মিলে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

ছবি: সংগৃহীত

সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব পরিকল্পনাকারীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদ মনে করে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এ মানসিকতা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের প্রত্যাশার প্রতি সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, অস্থিরতা ও বিশৃঙ্খলার কথা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা করা হচ্ছে, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত উদ্বিগ্ন।

মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব পালনে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখতে পারছে না। পরিস্থিতির অবনতির মধ্যেও সরকারের পক্ষ থেকে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন। তাঁদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি হচ্ছে বলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে।

শেখ হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ বিষয়ে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানায়।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে বাধা সৃষ্টি, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে।

তিনি জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ডিসেম্বর মাসজুড়েও দলের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির বিস্তারিত আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে।

জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। সরকার এ রায় মেনে নিলে জামায়াত তাদের কর্মসূচি প্রত্যাহার করবে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।

সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের বক্তব্যের দিকে দেশবাসী তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক বার্তা দেওয়া হলে রাজপথের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে।

গার্মেন্টস খাতের সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ—দুটিই রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প ও শ্রমিক উভয়কে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তা করার কোনো সিদ্ধান্তও দলটির পক্ষ থেকে জানানো হয়নি। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকট কাটলে অন্যান্য সংকটও নিরসন সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]