• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ বিকাল

২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার, দুই মাস না যেতেই জামিন সেই কলেজছাত্রীর!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার গণিত বিভাগের শিক্ষার্থী শরিফা (২১) জামিন পেয়েছেন। গ্রেপ্তারের এক মাস ২৮ দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ তাকে জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইউনুস।

পিপি ইউনুস জানান, আগামী ২৫ নভেম্বর থেকে শরিফার অনার্স পরীক্ষা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে তার বিভাগের প্রধানের জিম্মায় জামিন দিয়েছেন আদালত। পরীক্ষা শেষে আগামী ১০ তারিখ তাকে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।

স্থানীয় একটি সূত্রের দাবি, তার বাবা একটি মাদ্রাসার সুপার। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হলেও পড়ালেখার প্রতি আগ্রহী। এমন একটি পরিবারের মেধাবী শিক্ষার্থীর বিরুদ্ধে ২০ হাজার ইয়াবা রাখার অভিযোগ ওঠায় হ্নীলা থেকে শুরু করে পুরো কক্সবাজার জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে শরিফাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। কলেজ প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওই সময় ওসি জানিয়েছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় মহিলা হোস্টেলে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানান, টেকনাফের হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে সেগুলো তার হেফাজতে রাখা হয়।

ওসি আরও জানিয়েছিলেন, এ ঘটনায় একটি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ওই চক্রের অন্য সদস্যদের বিষয়ে পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সরকারি কলেজের মহিলা হোস্টেলের নিরাপত্তা ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আবাসিক ছাত্রীদের কার্যক্রম পর্যবেক্ষণে কলেজ প্রশাসনের যথাযথ নজরদারি নেই। হোস্টেলে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও নেই বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এসব দুর্বলতার সুযোগে হোস্টেলের পরিবেশ দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলা পর্যায়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলে কীভাবে এত বিপুল পরিমাণ মাদক পৌঁছাল, এর পেছনে কারা জড়িত এবং হোস্টেলের নিরাপত্তা ও নজরদারিতে কী ধরনের ঘাটতি ছিল, সেসব প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

শরিফার জামিনের বিষয়টি সামনে আসার পর মামলার তদন্তের অগ্রগতি এবং ইয়াবা সরবরাহের অভিযোগে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]