বন অধিদপ্তরের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে অনিয়ম, অসততা আর দুর্নীতি নামের ঘুণপোকা। বহুমাত্রিক উপযোগিতার আধার প্রকৃতির অনবদ্য সৃষ্টি বনভূমির সংরক্ষণব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে ঘুণে ধরা বন প্রশাসন। এখানে খোদ বন মন্ত্রণালয় কিংবা উচ্চ আদালতের নির্দেশ প্রতিপালিত হয় না বলে অভিযোগ রয়েছে। বরং পদোন্নতি, নিয়োগ ও পদায়ন ঘিরে গড়ে উঠেছে প্রভাবশালী একটি সিন্ডিকেট।
অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি আটকে দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতে বিধিমালা উপেক্ষা, মামলার তথ্য গোপন এবং ভুয়া জ্যেষ্ঠতা নির্ধারণের মতো কর্মকাণ্ড চলছে। এই পদোন্নতি বাণিজ্য নির্বিঘ্ন করতে প্রায় তিন শতাধিক বনকর্মীর কাছ থেকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও উঠেছে। সব মিলিয়ে পদোন্নতিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ এখন বন অধিদপ্তরের অভ্যন্তরে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ন্যায়সঙ্গতভাবে পদোন্নতি পাওয়ার যোগ্য হয়েও বঞ্চিত একাধিক বন কর্মকর্তা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। তারা নিন্ম আদালতে ৭ টি এবং উচ্চ আদালতে ৩টি মামলা দায়ের করেছেন।
আদালত মামলাগুলো আমলে নিয়ে আদেশের প্রক্রিয়ায় থাকলেও, বনবিভাগে চলমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
এসব অনিয়ম ও অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার বিনিময়ে পদোন্নতি বাণিজ্য চালিয়ে আসছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, এই সিন্ডিকেটের মূলহোতা হিসেবে মাঠপর্যায়ে কাজ করছে নিয়মবহির্ভূতভাবে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি পাওয়া আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন অসাধু ও প্রভাবশালী বন কর্মকর্তা।
তাদের নেতৃত্বেই অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে পদোন্নতি আদায়ের একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। নীতিমালার তোয়াক্কা না করে এই চক্রটি প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি পাইয়ে দিতে কাজ করছিল।
বনবিভাগের অভ্যন্তরীণ নথি ও ভুক্তভোগীদের ভাষ্য, ডেপুটি রেঞ্জার থেকে রেঞ্জার পদে পদোন্নতি এখন আর জ্যেষ্ঠতা বা কর্মদক্ষতার ওপর নির্ভর করছে না। বরং কে কত দ্রুত ও কত টাকা দিতে পারছে-সেটাই হয়ে উঠেছে প্রধান বিবেচ্য।
অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ের কিছু অসাধু ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার ব্যাচভিত্তিক গ্রুপের মাধ্যমে জনপ্রতি মোটা অংকের অর্থ সংগ্রহ করে সংশ্লিষ্ট মহলকে মোটা অংকের আর্থিক কমিশন দিয়ে মামলা নিষ্পত্তি না হওয়ার আগে পদোন্নতি নিতে মরিয়া হয়ে উঠেছে।
মাঠ পর্যায়ে ফরেস্টারদের এই পদোন্নতির বিষয়ে একাধিক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।
প্রথম একটি কল রেকর্ডের কথোপকথনে শুনা গেছে রেঞ্জার পদে পদোন্নতি পেতে খরচপাতির টাকা তুলতে ব্যাচভিত্তিক কয়েকজনকে সমন্বয়কের তালিকায় রাখা হয়েছে। অসাধু ও পদোন্নতির অযোগ্যদের বেশি অর্থ আদায় ও স্বাভাবিক প্রক্রিয়ায় যারা পদোন্নতি পাবেন তাদের ক্ষেত্রে শুধু মাত্র খরচের টাকা আদায় করা হচ্ছে এভাবে চক্রের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য আরেকটি কল রেকর্ডে শুনা যাচ্ছে, চট্রগ্রাম হাটহাজারি রেঞ্জের সাইফুল নামের ডেপুটি রেঞ্জার থেকে ৭/৮ লাখ টাকা মতো নিয়েছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলেছে। ২য় রেকর্ডে এমন মন্তব্য শুনা গেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও তাদের ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি কেউ কেউ মামলা চলমান অবস্থায় পদোন্নতি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই রেঞ্জার পদে উন্নীত হওয়ার তদবির শুরু করেছিলেন।
ভুক্তভোগীদের দাবি, এই তড়িঘড়ি পদোন্নতির পেছনে রয়েছে অবৈধ অর্থ লেনদেনের শক্তিশালী নেটওয়ার্ক। না হলে সমতা ও জৈষ্ঠতা নীতিমালার সমস্যা সামাধানে মামলা চলমান থাকা অবস্থায় কিভাবে পুনরায় পদোন্নতির কার্যক্রমে সহযোগীতা করেন সংশ্লিষ্টরা এমন মন্তব্যও করেন ভুক্তভোগীরা।
এই অভিযোগের তালিকায় সবচেয়ে আলোচিত নাম আমীরুল হাসান। বিভিন্ন মামলায় কারাভোগ ও সাময়িক বরখাস্ত থাকা সত্ত্বেও ২০১৬ সালের গ্রেডুয়েশন তালিকায় নাম না থাকলেও তাকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ২০১৮ সালে নিয়মিত করণ হয়ে ২০২০ সালের পদোন্নতি ভাগিয়ে নেন। পরবর্তী রেঞ্জার পদে পদোন্নতি পেতে তড়িঘড়ি করে উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে পেলেন। অথচ তার পুর্বে অনেক ফরেস্টার ২০১৬ সালে নিয়মিত করণ হয়েও পদোন্নতি পাননি।
একই ধারাবাহিকতায় দুদকের মামলা চলমান থাকা অবস্থায় চিন্ময় মধুকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়। অপরদিকে, সুলতানুল আলম নামের আরেক কর্মকর্তা একাধিক মামলা থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয় এবং বর্তমানে তিনি কারাভোগ করছেন বলে জানা গেছে।
এ ধরনের অনিয়ম, মামলাজট এবং পদোন্নতি বিধিমালার অসঙ্গতি নিরসনের দাবিতে একাধিক ভুক্তভোগী বন কর্মকর্তা সংশ্লিষ্ট মহলে লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন। তবে অভিযোগ ও মামলাগুলোর নিষ্পত্তি না করেই পুনরায় রেঞ্জার পদে পদোন্নতির জন্য ৪১১ জনের নামে প্রত্যয়ন প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-যা নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
এই অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগী কর্মকর্তারা চুপ থাকেননি। প্রধান বন সংরক্ষক কার্যালয় ও সরকারি কর্ম কমিশনে (পিএসসি)’তে অন্তত ৭০টির বেশি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা। পাশাপাশি ন্যায়বিচারের আশায় একাধিক ডেপুটি রেঞ্জার আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের প্রশ্ন-যে পদোন্নতির বিষয়ে আদালতে মামলা চলমান, সেই পদে কীভাবে আবার নতুন করে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়?
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সুপারিশপত্রে ২৮৯ জন কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে, বিধি মেনেই জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তাবিত কোনো প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি মামলা নেই।
কিন্তু ভুক্তভোগী কর্মকর্তাদের দাবি, এই প্রত্যয়ন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কারণ বর্তমানে ৭ থেকে ১০টি মামলা সরাসরি পদোন্নতি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে।
প্রতিবেদকের হাতে আসা মামলার নথি ও আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদোন্নতি নীতিমালা লঙ্ঘন ও জ্যেষ্ঠতা উপেক্ষা করে অসাধু উপায়ে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়ার অভিযোগে বর্তমানে সাতটির বেশি মামলা চলমান রয়েছে।
এ সংক্রান্ত প্রথম মামলাটি দায়ের করেন রতন লাল মহত। ওই মামলার প্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে পদোন্নতির ওপর স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করেন। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেই আদেশ উত্তোলন (উইথড্র) করা হয়।
এ ছাড়া গত অক্টোবরে ভুক্তভোগীরা সুপ্রিম কোর্টে তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনাল মামলা নম্বর ১১০/২৬-এর শুনানি শেষে গত রোববার (১৫ নভেম্বর) প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। মামলাটির বাদী ওমর ফারুক। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী আমির হোসাইন চৌধুরী নিজে হাজির না হয়ে তার সহকারীসহ কয়েকজন কর্মকর্তাকে আদালতে পাঠান। এতে তিনি ব্যক্তিগত হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে, ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার এবং ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির প্রক্রিয়া। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের দপ্তর থেকে প্রকাশিত গ্রেডেশন ও পদোন্নতির তালিকায় জ্যেষ্ঠতা নির্ধারণে একাধিক অসংগতি রয়েছে বলে দাবি করছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
তাদের অভিযোগ, ১৯৮৫ সালের নিয়োগবিধির আওতায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করতে পরবর্তী সময়ে প্রণীত ২০১১ ও ২০১৯ সালের নিয়োগবিধির অপব্যবহার করা হয়েছে। এমনকি উচ্চ আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন একাধিক মামলার তথ্য গোপন রেখেই পদোন্নতির সুপারিশ পাঠানো হয়েছে।
সম্প্রতি প্রধান বন সংরক্ষকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এসব অভিযোগ তুলে ধরেছেন বন অধিদপ্তরের ডেপুটি রেঞ্জার মোনায়েম হোসেন। আবেদনে তিনি নিজের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের পাশাপাশি পদোন্নতি কমিটির কার্যক্রম, গ্রেডেশন তালিকা প্রস্তুত এবং বিচারাধীন মামলার তথ্য গোপনের বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন।
আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির গ্রেডেশন তালিকার সাত নম্বর ক্রমিকে সিভিল পিটিশন নম্বর ৩৮৭১/২০২৬ ও ৩৮৭২/২০২৬-এর তথ্য উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অথচ আবেদনকারীর দাবি, এ দুটি মামলায় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) নিজেই ওকালতনামায় স্বাক্ষর করে আদালতে দাখিল করেছেন।
সংশ্লিষ্ট মামলার আইনজীবী আজিজ মোর্শেদও বিষয়টি নিশ্চিত করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ আছে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাগুলোর শুনানির দিন ধার্য থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি; তা পরবর্তী সময়ের জন্য মুলতবি রয়েছে।
এ ছাড়া ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি এবং ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতি ঘিরে বিভিন্ন প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতে অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। এর মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এ ০৭৪/২০২৫, ২৯৪/২০২৫, ৩৭৬/২০২৫, ৩৮৬/২০২৫ ও ১০/২০২৬ নম্বর মামলা এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩-এ ২২১/২০২৬ নম্বর মামলার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আপিল বিভাগেও সিভিল পিটিশনসহ একাধিক মামলা রয়েছে।
অভিযোগকারীদের দাবি, এসব মামলার বিষয়বস্তু ও আদালতের নির্দেশনা যথাযথভাবে বিবেচনা না করেই পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এমনকি আদালতের রায়ের অপেক্ষায় থাকার মধ্যেও পদোন্নতির চূড়ান্ত গ্রেডেশন তালিকা প্রকাশের অভিযোগ উঠেছে।
পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, ১৯৮৫ সালের ‘দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার্স অ্যান্ড স্টাফ রিক্রুটমেন্ট রুলস’ অনুযায়ী ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। অথচ পরবর্তী বিধিমালা ও সংশোধনের ব্যাখ্যা ব্যবহার করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতির সুযোগ সংকুচিত করা হয়েছে।
তাদের দাবি, ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে প্ল্যান্টেশন অ্যাসিস্ট্যান্ট বা ফরেস্টার পদে যোগদান করা এবং ২০০০ সালের জানুয়ারি ও জুনে সরাসরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়া কর্মকর্তাদের চাকরির প্রকৃত সময়কাল বিবেচনায় নেওয়া হয়নি। বরং ভূতাপেক্ষ পদোন্নতির আদেশের মাধ্যমে তাদের চাকরির জ্যেষ্ঠতা ও ফিডার পদের অভিজ্ঞতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, ২০০০ ও ২০০৪ সালে রাজস্ব খাতে সরাসরি নিয়োগ পাওয়া কর্মকর্তাদেরও ২০১৪ সালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চেয়ে জুনিয়র হিসেবে দেখিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি ১৯৯০ ও ১৯৯৬ সালে নিয়োগ পাওয়া ব্যক্তিদেরও ২০১৪ সালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিচে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, ২০১১ ও ২০১৯ সালের নিয়োগবিধি প্রয়োগের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত উপেক্ষা করে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জারি করা এক আদেশে ৪৫৪ জন ফরেস্টারকে ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ডেপুটি রেঞ্জার পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে চাকরি করা জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রকৃত চাকরিকাল ও পদোন্নতির যোগ্যতা নির্ধারণে বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ।
আবেদনকারী মোনায়েম হোসেনের দাবি, তিনি ২০০৫ সালের ৭ জুলাই ফরেস্টার পদে যোগদান করেন। অথচ তার সঙ্গে একই আদেশে নিয়োগ পাওয়া ২০৩ থেকে ২৮৯ ক্রমিকের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতার স্বাভাবিক ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার অভিযোগ, বন অধিদপ্তরের ১৯৮৫ সালের নিয়োগবিধি অনুযায়ী ফিডার পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা পূর্ণ হলে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়। সে হিসাবে তার পদোন্নতি বিবেচনার তারিখ ২০০৭ সালের ৭ জুলাই হওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
অভিযোগকারীদের দাবি, বছরের পর বছর গ্রেডেশন তালিকা চূড়ান্ত না করে রাখা হয়েছে। এখন অবসরের কাছাকাছি সময়ে এসে এমনভাবে পদোন্নতি ও জ্যেষ্ঠতা নির্ধারণ করা হচ্ছে, যাতে জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম শ্রেণির পদে পদোন্নতির সুযোগ হারান। বিপরীতে অপেক্ষাকৃত কনিষ্ঠরা সুবিধা পাচ্ছেন।
তাদের দাবি, মাঠ পর্যায় থেকে সংগৃহীত বিপুল অর্থের মাধ্যমে পদোন্নতি কমিটি থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথিত সমঝোতার অভিযোগ তুলেছেন তারা।
পদোন্নতিবঞ্চিত কয়েকজন কর্মকর্তা বলেন, 'আমরা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ছি। তাদের বিরুদ্ধে মামলা করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। পিএসসির সংশ্লিষ্ট পরিচালক মো. আলতাফ হোসেনের সঙ্গে অর্থের বিনিময়ে সমঝোতার কথাও বিভিন্ন মাধ্যমে শুনছি। এ কারণেই নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বিভিন্ন মামলার বিষয়টি উপেক্ষা করে পদোন্নতির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।'
তারা আরও বলেন, উকিল নোটিশ ও লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। পদোন্নতি কমিটির পাশাপাশি পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রভাবিত করার চেষ্টা চলছে বলে তারা মনে করছেন।
ভুক্তভোগী এক বনকর্মী বলেন, পদোন্নতিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। সংখ্যায় তারা অনেক বেশি হওয়ায় এই সিন্ডিকেটের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তারা যদি জনপ্রতি ৫০ হাজার টাকা করেও দেয়, তাহলে ৩০০ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। এই অর্থ দিয়ে প্রধান বন সংরক্ষক (সিসিএফ), পিএসসির সংশ্লিষ্ট ইউনিটের পরিচালক আলতাফ হোসেন এবং বন সচিবকে ম্যানেজ করা তাদের জন্য কঠিন কিছু নয়। এ কারণেই আমরা তাদের সঙ্গে পেরে উঠছি না। এমনকি আদালতকেও প্রভাবিত করার চেষ্টা চলছে।’
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভূঁইয়া বলেন, সংশ্লিষ্ট মামলাগুলো পূর্ণাঙ্গ রায়ের জন্য উচ্চ আদালতে অপেক্ষমাণ রয়েছে। বিষয়টি অবহিত করে সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নোটিশও পাঠানো হয়েছে। এরপরও কীভাবে, কোন ক্ষমতাবলে সংশ্লিষ্টরা পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন, তা তার বোধগম্য নয়। আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগেই এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে জানতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির বলেন, নিম্ন আদালতে দায়ের করা মামলাগুলোতে পদোন্নতি প্রক্রিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। উচ্চ আদালতে দায়ের করা মামলাগুলোও সম্ভবত সম্প্রতি করা হয়েছে। এ কারণে সেগুলোর বিষয়ে আমি এখনো অবগত নই।
পদোন্নতির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায় এবং এ ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে টাকা উত্তোলন করে, তার দায়ভার আমি নেব না।’
অন্যদিকে, পিএসসির ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন অনেকটা পদোন্নতি দেওয়ার পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, 'মামলায় কোনো নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নিতে আইনগত বাধা নেই। উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এসব মামলার কোনো নোটিশ আমাদের কাছে আসেনি। তাদের আইনজীবী নোটিশ পাঠিয়ে থাকলেও পিএসসির অনেকগুলো ইউনিট রয়েছে। সে কারণে সেটি আমার কাছে এসে পৌঁছায়নি।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় বাধা দেখছেন না তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর