চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহীদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঐ নারীর স্বামী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আলেয়া বেগমের করা একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরিবারের দাবি, ঘটনার আগের দিনই সাবেরা খাতুন জামিনে মুক্তি পান। তবে জামিনের কাগজপত্র থানায় জমা দেওয়া হয়নি।
বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির সাবেরা খাতুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তাদের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তার স্বামী শহীদকে বাড়ি থেকে নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার জানান, পরিবারের সদস্যরা শহীদকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের ছোট ভাই অভিযোগ করে বলেন, পুর্বে তার ভাই শহীদ কয়েকবার স্ট্রোক করেছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও তাকে ছাড় দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ ঘটনায় নিহতের পুত্রবধূ সোনিয়া আক্তারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অন্যদিকে, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শহীদের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর