বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দয়িয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে কয়েকজন মুসল্লি বিএনপি কার্যালয়ের সামনে পোড়া গন্ধ পান। পরে সেখানে গিয়ে তাঁরা আগুনে পুড়ে যাওয়া টায়ারের অংশ দেখতে পান। তাঁদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি। তবে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, পরিকল্পিতভাবে টায়ারে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
কাছিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, রাতে আগুন দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর