দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও বেড়েছে। এ কারণে দেশের বাইরে অবস্থান করেও তারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী অভিযোগ করেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তাঁর দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম। এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত কর্মসূচিতে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে সোহেল রানা ও শাহিনুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কবরস্থানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর