কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে নয়ন লেখেন, ‘হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ—বলেছিলাম না, ১৯ তারিখ ‘লকডাউন’ বলে কোনো কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দেব, দিয়েছি।’
তিনি লেখেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই—বাড়াবাড়ি করবেন না। এই কয়েক দিন যা দেখেছেন, সেটা ট্রেলার ছিল। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন, তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে যুবদলের এই নেতা লেখেন, তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। পায়ে গুলি করে ওই অবস্থায় টানতে টানতে আদালতে নেওয়া হয়েছিল। আরেকবার গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। অন্য একবার গুলি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে যাওয়া হয়েছিল। তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। এসব ঘটনা তিনি ভুলে যাননি বলেও উল্লেখ করেন।
নয়ন আরও লেখেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোনো প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।’
আওয়ামী লীগের উদ্দেশে তিনি লেখেন, ‘কিন্তু আপনারা মানবিকতাকে দুর্বলতা ভেবেছেন। বিএনপিসহ ২৪-এর জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, তাঁদের নামে, তাঁদের পরিবারের নামে কুৎসিত মিথ্যাচার করছেন। আপনারা প্রমাণ করেছেন—কুকুরের লেজ কখনো সোজা হয় না আর আওয়ামী লীগ কখনো মানুষ হয় না।’
পোস্টের শেষাংশে নয়ন লেখেন, ‘আপনারা বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে দেশজুড়ে সহিংসতা ও নাশকতা করছেন, হুমকি দিচ্ছেন। মনে রাখবেন—এত দিন ছাড় দিয়েছি বলে ছেড়ে দেব। অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর