• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ দুপুর

সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনে ভোট এক জায়গায় পড়লেও জনপ্রতিনিধি অন্য জায়গায় নির্বাচিত হওয়ার অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের অনেকের মধ্যেই নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ রয়েছে। ভোট এক জায়গায় দিলেও জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন অন্য জায়গায়। ট্রেন, বাস ও লঞ্চসহ বিভিন্ন স্থানে ‘দাঁড়িপাল্লা’ স্লোগান শোনা গেলেও অন্যরা কীভাবে ক্ষমতায় গেলেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। তবে কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই কাজের বিরোধিতা করা হবে এবং এ বিষয়ে তাঁরা আপস করবেন না।

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে প্রধানমন্ত্রীকে কিছু পদক্ষেপ নিতে হবে। একজন শাসকের মর্যাদা তাঁর আশপাশের সহযোগী ও সহযোদ্ধাদের কর্মকাণ্ডের ওপরও নির্ভর করে। প্রধানমন্ত্রীর দল ও দলকে ভালোবাসেন—এমন অনেক যোগ্য ব্যক্তি দেশে-বিদেশে রয়েছেন। তাঁদের নিয়ে একটি দক্ষ দল গঠনের আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিদের নিয়ে দল সাজাতে পারলে দেশকে ভালো কিছু দিতে পারবেন। এতে ১৭ কোটি মানুষের একজন হিসেবে তিনিও উপকৃত হবেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকা জরুরি। সংসদে মাদক নিয়ন্ত্রণ বিল পাসের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল চান। তাঁর অভিযোগ, আগে যারা মাদকের কারবারের সঙ্গে জড়িত ছিল, তাদের জায়গায় এখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কেউ কেউ জড়িয়ে পড়েছেন। এসব বিষয় দেখভাল করা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলেও তিনি তা সামাল দিতে পারছেন না বলে মন্তব্য করেন শফিকুর রহমান।

সংসদে মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সংসদে মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভালো অবস্থানে রয়েছে। অথচ বাস্তবতার সঙ্গে এসব বক্তব্যের মিল না থাকায় মানুষ হাসাহাসি করে।

বিএনপির অতীতের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, তাঁরাও সাড়ে ১৫ বছর মজলুম ছিলেন। ওই সময়ে তাঁদের অনেক নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতারা এখনো ফিরে আসেননি। তবে আরমান ফিরে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, নিজেদের দলের নির্যাতিত ও নিখোঁজ সহকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। এ ক্ষেত্রে অতীতের অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাঁদের মর্যাদা বাড়িয়ে দেবেন এবং শক্তিশালী করবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]