ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি।এ সময় কোন হতাহতের ঘটনা ঘটে নাই।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর