পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার লোহালিয়া নদীতে প্রস্তাবিত বগা সেতু নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী সেতুটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সংসদ সদস্য বলেন, বগা সেতু নির্মিত হলে বাউফল ও দুমকীর মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ভোগান্তি দূর হবে। পাশাপাশি পদ্মা সেতু হয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে। জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল এবং শীত মৌসুমে নৌযান চলাচলের অনিশ্চয়তাও কমে আসবে।
সেতু বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সেতু উপদেষ্টার সঙ্গে তিনবার সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চীনের বিশেষজ্ঞ ও কারিগরি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করেছে। বর্তমানে প্রকল্পটির আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, এ সেতু বাস্তবায়নে কোনো ব্যক্তি বা দলের একক কৃতিত্ব নেই। বাউফলবাসীর দীর্ঘদিনের দাবি ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ উদ্যোগ এগিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সরকার, চীন সরকার, প্রশাসন এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সেতুটি নির্মিত হলে বাউফল ও দুমকীসহ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ সময় বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো শহিদুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজাহিদুল ইসলাম সহ,শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ বাউফল ও দুমকী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর