নাটোরের গুরুদাসপুরে দারিদ্র্যের কারণে মেধাবী শিক্ষার্থী সুচন্দন মালাকারের উচ্চশিক্ষা বন্ধের উপক্রম হয়েছে। রাজশাহী কলেজে অধ্যয়নরত সুচন্দন বুয়েটে প্রকৌশল বিদ্যায় পড়ার স্বপ্ন দেখলেও পরিবারের আর্থিক অনটনে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
সুচন্দন মালাকার পৌর সদরের উত্তর নারীবাড়ি মহল্লার উত্তম মালাকারের ছেলে। অত্যন্ত মেধাবী সুচন্দন ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেন। এরপর এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন তিনি। তার ছোট ভাই সুজয় মালাকার গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র এবং ক্লাসের রোল নম্বর ১।
পারিবারিক সূত্রে জানা যায়, মামার দান করা তিন শতক জমির ওপর তাদের বসতভিটা। ইটভাটায় সামান্য বেতনে চাকরি করেন বাবা উত্তম মালাকার। মা সূচনা মালাকার একটি একাডেমিতে স্বল্প বেতনে চাকরি করেন। দুই ছেলের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে পরিবারের দৈন্যদশা চরমে পৌঁছেছে। এমনকি জরাজীর্ণ ঘরের সংস্কার করার সামর্থ্যও তাদের নেই।
প্রতিবেশীরা জানান, সুচন্দন ও সুজয় অত্যন্ত ভদ্র ও মেধাবী। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের পড়াশোনার খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার বলেন, মেধাবী এই দুই ভাইয়ের পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে তাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর