• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
বারিউল আলম শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

দরপত্রের পথ খোলা, তবু ডিপিএমের দিকে রাজশাহী খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সরকারি খাদ্যগুদামগুলোতে শ্রম ও হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ নিয়ে অনিয়ম ও দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। রাজশাহী বিভাগের পাঁচ জেলায় ৩ থেকে ১৫ বছর পর্যন্ত নতুন করে দরপত্র আহ্বান না করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।

এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের মজুরি পরিশোধে বৈষম্য ও অর্থ কেটে রাখার অভিযোগও উঠেছে।

ঠিকাদারদের অভিযোগ, বগুড়া, ও নাটোর জেলায় প্রায় ১৫ বছর, জয়পুরহাটে ৯ বছর এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর ধরে নতুন করে দরপত্র আহ্বান করা হয়নি। দীর্ঘদিন একই ব্যবস্থায় কাজ পরিচালিত হওয়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে এসব অভিযোগের মধ্যে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের পরিবহন এবং শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে খাদ্য অধিদপ্তরের ১৭ অক্টোবরের সিদ্ধান্তেও নতুন ঠিকাদার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান কিছু পরিবহন ঠিকাদারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাস বাড়ানো হয়েছে। তবে এই মেয়াদ শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই চুক্তির মেয়াদ আর বাড়ানো যাবে না।

এ ছাড়া আইবিসিসি, আইআরটিসি এবং বিভিন্ন পর্যায়ের শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদারদের মূল চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তিন মাস মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব পরিবহন ঠিকাদারের বিরুদ্ধে মামলা রয়েছে, সেসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়ে অগ্রগতি মন্ত্রণালয়কে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন পরিবহন ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের স্মারকে। চুক্তির নির্ধারিত মেয়াদ অনুযায়ী খাদ্যশস্য পরিবহনের আনুমানিক মোট মূল্য নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে চুক্তি সম্পাদনের নির্দেশনাও রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাদ্য অধিদপ্তরের আওতায় বর্তমানে কর্মরত মেজর ক্যারিয়ার, বিডিসি, কেন্দ্রীয় সড়ক পরিবহন ঠিকাদার এবং সব পর্যায়ের শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

মাস্টার রোলে মজুরি নিয়ে বৈষম্যের অভিযোগ রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির অভিযোগ, কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে নতুন দরপত্র আহ্বান না করে কথিত মাস্টার রোল পদ্ধতিতে কাজ পরিচালনা করা হচ্ছে। এ ব্যবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে।

সমিতির দাবি, কোনো কোনো ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে শ্রমিকদের বিল জমা হলেও সরকারি বিল উত্তোলনের আগেই ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অর্থ থেকে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয়। এতে আর্থিক লেনদেন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুফলও পুরোপুরি তাদের হাতে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, যেখানে মজুরি ১০০ শতাংশ বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেখানে মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকেরা পাচ্ছেন মাত্র ৫০ শতাংশ। মজুরি পরিশোধের নামে বিভিন্ন পর্যায়ে অর্থ কেটে রাখার অভিযোগও তুলেছেন তারা। কিন্তু দরপত্রে যথেষ্ট সময় থাকলেও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) পদ্ধতি কে অনুসরণ করে আপতত মাস্টার রোল পদ্ধতিতে যেতে চাচ্ছে , রাজশাহী খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় । ফলে ওসি এলএসডিদের মাস্টাররোল পদ্ধতি নিয়ন্ত্রণ করার এই কৌশলকে দুর্নীতি ও লুটপাটের আগাম ব্যবস্থা হিসেবে দেখছেন ঠিকাদাররা।

ডিপিএম পদ্ধতিটি আসলে কি , চলুন জেনে নেয়া যাক। সরকারি ক্রয়ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। বিশেষ পরিস্থিতিতে, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলেই সাধারণত এ পদ্ধতি ব্যবহার হয়। কিন্তু দরপত্র আহবানে যথেষ্ট সময়সীমা থাকলেও আগেভাগে কেন এ পদ্ধতিতে হাঁটছে খাদ্য নিয়ন্ত্রক অফিস তার কোনও ব্যাখ্যা মেলেনি সংশ্লিষ্টদের কাছে।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির নেতারা বলছেন, বছরের পর বছর নতুন দরপত্র আহ্বান না করায় খাদ্য পরিবহন এবং শ্রম ও হ্যান্ডলিং খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। একই ব্যবস্থায় দীর্ঘদিন কার্যক্রম চলায় প্রতিযোগিতামূলক পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে।

ঠিকাদার পাভেল খাঁন বলেন, রোল পদ্ধতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না। সরকারি বরাদ্দ এবং শ্রমিকদের প্রকৃত প্রাপ্যের মধ্যে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। কোথাও কোথাও শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুফল পুরোপুরি দেওয়া হচ্ছে না। ঠিকাদার পলব বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, চাই সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগের নির্দেশনা দিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে দরপত্র বন্ধ থাকায় অনেক ঠিকাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে শ্রমিকেরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।”

ঠিকাদার আশিক ইকবাল বলেন,বর্তমানে বাজারদরের তুলনায় শ্রমিকদের মজুরি অপ্রতুল। দীর্ঘদিন ধরে একই ব্যবস্থায় কাজ চলায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয় সে অনুপাতে বাড়েনি। অন্যদিকে নতুন দরপত্র আহ্বান না করায় অনেক ঠিকাদার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে সমিতির নেতাদের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা প্রভাব খাটানোর সুযোগ না রেখে যোগ্যতা ও সরকারি বিধিবিধান অনুযায়ী ঠিকাদার নির্বাচন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্টদের প্রশ্ন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে কি না। একই সঙ্গে মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের মজুরি পরিশোধের অভিযোগ তদন্ত করে প্রকৃত পাওনা নিশ্চিত করারও দাবি উঠেছে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম। বলেন, মাস্টার রোল পদ্ধতি চালু করলে, ঠিকাদারদের যে অর্থনৈতিক সাপোর্টটা সেটিতো কোন সরকারি কর্মকর্তা দিতে পারে না, এছাড়া কোন সরকারি কর্মকর্তা ঠিকাদার হতে পারে না। প্রশ্ন হচ্ছে তাদের আয়ের উৎসটা কি? যেখানে মাস্টার রোল পদ্ধতি চালু হয়েছে সেখানে শ্রমিকদের যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, সেই কর্মকর্তাদের আয়ের উৎস কি! সেতো বেতনভুক্ত একজন কর্মচারী সে টাকাটা পাচ্ছে কোথায়। নিশ্চয়ই এখানে গলদ কিছু রয়েছে। এখানে চালু রয়েছে সেখানে প্রাপ্য মজুরি পাচ্ছে না শ্রমিকেরা বলে অভিযোগ করেন ঠিকাদার সমিতির এই নেতা।

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক জানান , যেহেতু ৩১ ডিসেম্বর পরিবহন ঠিকাদারদের সময়সীমা শেষ হচ্ছে এখনো দরপত্র ফোন করতে কিছুটা সময় লাগবে। তিনি আরো বলেন,মাস্টার রোল পদ্ধতিতে গেলে সরকারের লাভ। এছাড়াও নির্দেশনা আছে ইজিপির মাধ্যমে নতুনভাবে টেন্ডার আহ্বান করার। যেহেতু এখনো সময় আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া বলেন, সর্বশেষ ২০১১ সালে দরপত্র আহবান করা হয়েছিল। তারপর আর হয়নি। মাস্টাররোলে যারা কর্মরত আছেন তাদের এলএসডির মাধ্যমে ঠিকাদাররা নিয়ন্ত্রণ করছে।

আর চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, সরকারি খাদ্যগুদামগুলোয় শ্রম ও হ্যান্ডলিংয় ঠিকাদার নিয়োগ দুই-তিন বছর ধরে বন্ধ আছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদারের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। খুব শিগগিরই সরকারি নির্দেশনা মোতাবেক ঠিকাদার নিয়োগের জন্য কার্যক্রম শুরু হবে। তবে এই সময়গুলোতে মাস্টার রোল কর্মচারীদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম বলেন, শ্রম ও হ্যান্ডেলিং ও সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ প্রায় সারা দেশেই দীর্ঘদিন বন্ধ রয়েছে। আগের কিছু ঠিকাদার দিয়ে তাদের মেয়াদ বাড়িয়ে কাজ চলছে। এছাড়াও শ্রমিকদের বিষয়টি বর্তমানে মাস্টাররোলে দিন হাজিরার চুক্তিতে চলছে। এই নিয়োগের বিষয়ে তারা উর্দ্ধোতন কর্মকর্তাদের জানিয়েছেন। আর বর্তমান সরকার এটাকে ইজিপির আওতায় আনার কাজ করছে। কিন্তু ইজিপি আইডি হওয়ার জন্য তাদের মাঠ পর্যায়ে কাজ করা সহ পাসওয়ার্ড এখনো হয়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]