দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা অর্জন করেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি এই অর্জনে আনন্দ, আবেগ ও বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত জুরিবৃন্দ এবং সকল স্পনসরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর কর্মজীবনের শুরুর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, `২০০৬ সালে যখন অটবি লিমিটেডের সিইও হিসেবে যোগ দিয়েছিলাম, তখন ছিলাম দেশের সর্বকনিষ্ঠ সিইও। স্বপ্নের সঙ্গে পথচলার এই দীর্ঘ সময়ে মাথার চুল ছেঁটে ফেলেছি। তবে মনে হচ্ছে, মানুষ আজও আমাকে সেই তরুণ স্বপ্নবাজ হিসেবেই দেখতে ভালোবাসে!'
নিজের এই একক স্বীকৃতিকে তিনি প্রতিষ্ঠানের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। সাব্বির হাসান নাসির বলেন, `পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ তার নেপথ্যে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস আর ভালোবাসা।'
এ সময় তিনি `স্বপ্ন' পরিবারের প্রতিটি সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অগণিত ক্রেতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
স্বপ্নের মূল লক্ষ্য কেবল মুনাফা বা বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মাণ করা-এমনটাই উল্লেখ করেন সাব্বির হাসান নাসির।
সমাজের প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাওয়া মা ও বোন, কৃষক, আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, অটিজম স্পেকট্রামে থাকা মানুষ এবং `স্বপ্ন'-এ কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া কৃষক পরিবারের তরুণ শিক্ষার্থীদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন।
নেতৃত্বের আদর্শ ও মূল্যবোধ প্রসঙ্গে তিনি স্বপ্নের ‘ভ্যালু ট্রি’ (Value Tree)-তে প্রোথিত নীতিমালা সুসময়ের পাশাপাশি দুঃসময়েও ধারণ করার আহ্বান জানান। সাব্বির হাসান নাসির বলেন, ‘সাফল্য যেন আমাদের বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কেড়ে না নেয় এবং স্বীকৃতি যেন সেবা করার আকাঙ্ক্ষা কেড়ে না নেয়। নেতৃত্বের সার্থকতা নিজে কতটা উচ্চতায় পৌঁছালাম তাতে নয়; বরং কতজন মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারলাম, তাতেই নিহিত।’
স্বপ্নের এমডি আশা প্রকাশ করেন, যেদিন তাঁদের অগ্রগতি প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাবে, কৃষকের জীবনে সচ্ছলতা আনবে এবং উপেক্ষিত মানুষের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, সেদিনই এই সাফল্য পূর্ণতা পাবে। ‘স্বপ্ন হোক সকলের’-এই প্রত্যয়ে তিনি সম্মিলিত পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর