• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল

সাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার নিয়ে প্রশ্ন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তদন্ত দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, সরকারি অর্থে ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়, দরপত্র প্রক্রিয়া, মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ।

এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন। আবেদনে হাসপাতালের সার্বিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

সংসদ সদস্যের অভিযোগ, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ওষুধ ও চিকিৎসামগ্রী ক্রয়ের টেন্ডার ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে ঢাকা-ভিত্তিক তিনটি প্রতিষ্ঠান—তাহসান এন্টারপ্রাইজ, এএইচ এন্টারপ্রাইজ ও প্রেস্টিজিয়াস এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। তবে এই দরপত্র প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। দরপত্র আহ্বান, মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন, কার্যাদেশ প্রদান এবং ক্রয়-পরবর্তী মালামাল গ্রহণ ও সংরক্ষণের প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন সংসদ সদস্য।

আবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল জেলার সাধারণ মানুষের অন্যতম প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র। অথচ হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সুষ্ঠু বণ্টন নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ও জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। ক্রয়কৃত সামগ্রীর প্রকৃত পরিমাণ, গুণগত মান, বাজারমূল্য, সরবরাহের সময়, গ্রহণসংক্রান্ত নথি এবং স্টোর রেজিস্টারের তথ্য যাচাই করা প্রয়োজন।

চিঠিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের দায়িত্বকালীন কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি ১৩ নভেম্বর ২০২৪ থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এ সময়ে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, সরকারি ক্রয়, দরপত্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হাসপাতালের স্টোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হাফিজ বিন ফয়সাল ওরফে পিয়াসের পদবি, পদায়ন, দায়িত্বকাল এবং ক্রয়কৃত ওষুধ ও চিকিৎসাসামগ্রী গ্রহণ, সংরক্ষণ ও বিতরণে তাঁর ভূমিকা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুদকের একটি মামলা চলমান থাকা অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়ার কয়েক দিনের মধ্যে পুনরায় একই পদে বহাল হওয়ার অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু আর্থিক অনিয়ম নয়, হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও সামনে এসেছে। চলতি বছরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে অবহেলার শিকার হন নূর আলম (৬৫) নামের এক বৃদ্ধ। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ওয়ার্ডে গিয়ে দূর থেকে রোগীকে দেখে তাঁর পা কেটে ফেলতে হতে পারে বলে মন্তব্য করেন এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া অথবা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেন। এ সময় তিনি আরও বলেন, ‘দিনকাল যা হয়েছে, স্টেশন থেকে লোক তুলে এনে এখানে চিকিৎসা করাচ্ছে।’ তাঁর এমন মন্তব্যে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কয়েক দিন পর ওই রোগীর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ছাড়া গত সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার অভাবে মানিকগঞ্জের রানা সরকার নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, কয়েক দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিল ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার বাবা স্ট্রোক করলে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন মাসুদ রানা। পরে তাঁর বাবার মৃত্যু হয়। এসব ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে গত বছরের জুন মাসে ২৪ লাখ টাকার মালামাল ক্রয়ের বিল উত্তোলন করলেও সংশ্লিষ্ট সামগ্রী হাসপাতালে সরবরাহ করা হয়নি—এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে সংবাদ প্রকাশের পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দেখভালসহ অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজেই তদারকি করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, টেন্ডার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তিন বছর সরবরাহের দায়িত্বে থাকবে। তিনটি প্রতিষ্ঠানকে ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে টেন্ডার দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ তাঁর আবেদনে হাসপাতালের তত্ত্বাবধায়ক, স্টোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, ক্ষমতা, অনুমোদন ও বাস্তব ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্রয়কৃত সামগ্রী বাস্তবে হাসপাতালে সরবরাহ করা হয়েছে কি না, স্টোরে জমা ও স্টক রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না এবং রোগীদের মধ্যে বিধি অনুযায়ী বিতরণ করা হয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]